ইরাকের তাল আফরে ৫০ সুন্নি নিহত, জরুরি অবস্থা জারি
ইরাকের সুন্নি অধ্যুষিত আল-উইদা জেলার তাল আফর শহরে বুধবার রাতভর হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শিয়া অধ্যুষিত এলাকায় বোমা হামলার ঘটনার প্রতিশোধ হিসেবে এ হামলা হয়েছে বলে ইরাকি কর্মকর্তারা ধারণা করছেন। মঙ্গলবার তাল আফরের কাছেই দুইটি ট্রাক বোমা হামলায় ৫৫ ব্যক্তি নিহত হয়।
তাল আফরের মেয়র ব্রিগেডিয়ার নাজিম আল-জুবেয়ি বলেন, “সশস্ত্র শিয়ারা এ হামলা চালায়। তারা সুন্নিদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালায়।”
এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
শহরের সবচেয়ে বড় হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক রয়টার্সকে বলেন, “প্রায় ৫০ থেকে ৫৫ জন নিহত হয়েছেন। সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি আমার জীবনে এমন বীভৎস দৃশ্য দেখিনি।”
তবে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে। হাসপাতালটির অন্য এক সূত্র জানিয়েছে, ৪৫ জন নিহত হন। অপরদিকে পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা ৫০।
তাল আফর শহরের থার্ড আর্মি ডিভিশনের প্রধান মেজর জেনারেল খোরশিদ সালীম বলেন, “মোট ৭০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৩০ জন। এছাড়া ৪০ জন অপহৃত হয়েছেন।”
সেনাবাহিনী হস্তক্ষেপ না করলে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেত বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি হত্যাকাণ্ডে শিয়া পুলিশ সদস্যদের জড়িত থাকার যে অভিযোগ এসেছে, তাও খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।
