দুর্নীতির অভিযোগে ইসি কর্মকর্তাসহ ৩ ইতালীয় গ্রেপ্তার
দুর্নীতির অভিযোগে ইউরোপীয় কমিশনের (ইসি) এক কর্মকর্তাসহ তিন ইতালীয়কে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন বেলজিয়ামের সরকার পক্ষের কৌঁসুলী।
ইসির স্থাপনা নির্মাণের দরপত্র পাইয়ে দেওয়ার বিনিময়ে উৎকোচ গ্রহণের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
বেলজিয়ামের সরকার পক্ষের কৌঁসুলীর মুখপাত্র জস কলপিন জানান, গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাসেলসে বসবাসকারী ৪৬ বছর বয়স্ক সরকারি কর্মকর্তা, একটি ইউরোপীয় দেশের আইনপ্রণেতার ৬০ বছর বয়স্ক সহকারী এবং কয়েকটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান ৩৯ বছর বয়স্ক এক ব্যক্তি। তবে তিনি অভিযুক্তদের নাম প্রকাশ করেননি।
এক সংবাদ সম্মেলনে কলপিন বলেন, “মনে হচ্ছে এটা বেশ বড় একটা দুর্নীতির ঘটনা।”
গত ১০ বছর ধরে ইউরোপের করদাতাদের কয়েক কোটি ডলার আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে এই তিনজনের বিরুদ্ধে।
তিন বছর তদন্ত শেষে পুলিশ মঙ্গলবার ইউরোপের চারটি দেশে তল্লাশি অভিযান চালায়। তারা বিভিন্ন নথি জব্দ করে এবং অভিযুক্ত এবং সাক্ষীদের জেরা করে।
কলপিন বলেছেন, ইইউর ৩০টি ভবন, ব্যাংক, কোম্পানি দপ্তর এবং বাসা তল্লাশি করা হয়েছে। এতে ইইউর প্রধান দপ্তর অন্তর্ভুক্ত ছিল। এছাড়া, ইতালির বেশ কিছু এলাকায় তল্লাশি চালানো হয়।
আইনজীবীরা বলেছেন, ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ সন্দেহে এ তদন্ত করা হয়। ধারণা করা হচ্ছে এরা একটি অপরাধ চক্র গড়ে তুলেছেন, পেশাগত গোপনীয়তা রক্ষা করেননি এবং দরপত্র আহ্বান আইন ভেঙেছেন।
ইসি ও ইইউ পার্লামেন্ট জানিয়েছে তারা তদন্তে পূর্র্ণ সহযোগিতা করছেন।
