থাইল্যান্ডে জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছেন সেনা বিদ্রোহের নায়ক
দেশের বর্তমান সরকারবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্রতিরোধে জরুরি অবস্থা জারির জন্য থাই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সেনা বিদ্রোহের নায়ক জেনারেল সন্থি বুনিয়ারাতগ্লিন।
সন্থির মুখপাত্র কর্নেল সানসার্ন কায়েউকুমনার্দ বুধবার একথা জানান।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে সানসার্ন বলেন, “জেনারেল সন্থি গতকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী সর্যুদ চুলানন্তের সঙ্গে সাক্ষাৎ করে এসব আন্দোলনের ব্যাপারে তার উদ্বেগ প্রকাশ করেছেন।”
তাৎক্ষণিক একটি সাধারণ নির্বাচনের দাবিতে এবং সেনাবাহিনীর নিযুক্ত একটি কমিটি সংবিধান সংস্কারের বিষয়ে যে প্রস্তাব দিয়েছে তার ভোট গ্রহণ অনুষ্ঠান বয়কটের হুমকি দিয়ে গত সপ্তাহে তিন হাজার মানুষ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের সামনে বিক্ষোভ করেন। এদিকে সেনাবাহিনী জানিয়েছে, তারা সংবিধানের একটি নকশা করেছে এবং এর উপর ভোটগ্রহণের পরই এক বছরের মধ্যে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রা তিন বছর আগে যে ডিক্রি জারি করেছিলেন তার কথা উল্লেখ করে সানসার্ন বলেন, “জরুরি ডিক্রিটি কীভাবে তারা ব্যবহার করতে চায় এ ব্যাপারে সরকারের কাছে থেকে বৃহস্পতিবারের মধ্যে উত্তর পাওয়া উচিত।”
এদিকে সন্থির এ আবেদনের ব্যাপারে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী চুলানন্ত কোনো মন্তব্য করেননি। থাকসিনের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে গত বছরের সেপ্টেম্বর মাসে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা ও রক্তপাতের বিরুদ্ধে আন্দোলনের পর তাকে উচ্ছেদ করার কয়েক মাস পর চুলানন্ত প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
