পাকিস্তানে পুলিশ ফাঁড়িতে জঙ্গি হামলায় নিহত ২
পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পুলিশ ফাঁড়িতে জঙ্গি হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে টাংক শহরে ওই হামলা হয়। জঙ্গিরা আধা সামরিক বাহিনীর একটি ক্যাম্পেও হামলা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, মধ্যরাতের দিকে ফাঁড়ি লক্ষ করে রকেটচালিত গ্রেনেড হামলা শুরু করে জঙ্গিরা। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। রাতভর চলে সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষে চারটি ব্যাংক, একটি সরকারি অফিসসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, জঙ্গি হামলায় আধা সামরিক বাহিনীর এক সদস্য ও এক পথচারী নিহত হন।
জেলার পুলিশ প্রধান জুলফিকার চিমার ধারণা, সোমবার একটি স্কুলে জঙ্গিদের তৎপরতায় বাধা দেওয়ার প্রতিশোধ হিসেবেই এ হামলা হয়।
ওই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে মঙ্গলবার অপহরণ করে জঙ্গিরা। জঙ্গিরা স্কুলে ঢুকে জিহাদে অংশ নিতে ছাত্রদের আহ্বান জানানো শুরু করলে তিনি তিনি পুলিশকে খবর দিয়েছিলেন।
