ফিলিপাইনে জিম্মি নাটকের অবসান, মুক্ত হল স্কুলশিশুরা
কোনোরকম রক্তপাত ছাড়াই অবশেষে ফিলিপাইনের জিম্মি নাটকের অবসান ঘটেছে। প্রতিশ্র“তি অনুযায়ীই আত্মসমর্পণ করেছেন জিম্মিকারী জান ডুকাট। মুক্তি পেয়েছে ৩১ স্কুলশিশু ও দুই শিক্ষক। তবে ঘটনার পর হিংসার বদলে সহানুভূতিই কুড়িয়েছেন ডুকাট ও তার সহযোগী।
পুলিশ আগেই জানিয়েছিল, সন্ধ্যা ৭টায় আত্মসমর্পণ করবেন ডুকাট। ঠিক ৭টা এক মিনিটে বাসের দরজা খুলে যায়। একে একে বেরিয়ে আসতে থাকে শিশুরা। তাদের কাঁধে ছিল স্কুল ব্যাগ। বেরিয়ে আসেন দুই শিক্ষকও। এরপর দুই জিম্মিকারী। বেরিয়ে আসার পর পুলিশ তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। তারা দুজন এখন পুলিশের হেফাজতেই আছেন।
ওই সময় ম্যানিলা সিটি হল এলাকা ছিল লোকে লোকারণ্য। শিশুদের উদ্বিগ্ন স্বজনের পাশাপাশি কৌতূহলী মানুষ ভিড় জমান সেখানে।
জিম্মি নাটকের অবসানের পর প্রাদেশিক গভর্নর লুইস সিঙ্গসন বলেন, “ভালোয় ভালোয় সঙ্কটের অবসান ঘটায় আমি বেশ খুশি। সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। আর একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হবে, তা আমি ভালোভাবেই বুঝতে পেরেছিলাম।”
সাবেক পুলিশ প্রধান লুইস সিঙ্গসনই জিম্মিকারীদের সঙ্গে সমঝোতায় মূল ভূমিকা পালন করেন।
সকালে রাজধানী ম্যানিলায় বাসভর্তি ৩২ স্কুলশিশুকে জিম্মি করেন ডুকাট ও তার এক সহযোগী। সুবিধাবঞ্চিত গরিব শিশুদের শিক্ষার অধিকার আদায়ের দাবিতে এ ঘটনা ঘটান বলে দাবি করেন তারা। পরে স্থানীয় এক রাজনীতিবিদের সঙ্গে আলোচনার পর অসুস্থ এক শিশুকে ছেড়ে দেন তারা।
পুলিশ জানায়, সকালে ম্যানিলা সিটি হলের কাছে দুই বন্দুকধারী বাসে চড়ে বসে এবং ৩২ শিশু ও দুই শিক্ষককে জিম্মি করে। শিশুদের বয়স চার থেকে ছয় বছরের মধ্যে।
টেলিভিশনের খবরে বলা হয়, জিম্মিকারীদের কাছে রয়েছে একটি উজি সাবমেশিনগান, একটি রিভলবার ও দুটি গ্রেনেড।
স্থানীয় সকাল সাড়ে ৯টার দিকে খবর পাওয়া মাত্রই পুলিশ বাসটি ঘিরে ফেলে। তারপর থেকে সেখানেই ছিল বাসটি।
সমস্যা সমাধানের জন্য স্থানীয় রাজনীতিবিদ ও সিনেটর র্যামন রেভিলা ঘটনাস্থলে গিয়ে জিম্মিকারী ডুকাটের সঙ্গে কথা বলেন। আত্মসমর্পণের জন্য তাদের প্রতি আহ্বানও জানান তিনি। বাসের ভেতর তাদের সঙ্গে প্রায় ৩০ মিনিট আলোচনার পর অসুস্থ এক শিশুকে নিয়ে নেমে আসেন তিনি।
এর পর র্যামন সাংবাদিকদের বলেন, “বন্দুকধারীদের সঙ্গে আলাপ হয়েছে। তারা কিছু দাবি জানিয়েছে। তাদের দাবি অনুযায়ী দুস্থ শিশুদের উচ্চশিক্ষার প্রতিশ্র“তি দিয়েছি আমি।”
জান ডুকাট বাস থেকে মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, সরকার যদি টনডো এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের কলেজ পর্যন্ত শিক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্র“তি দেয়, তবেই তারা আত্ম সমর্পণ করবেন। পরে হ্যান্ডমাইকের মাধ্যমে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয় তাকে। তার সে বক্তব্য স্থানীয় রেডিও ও টেলিভিশনেও সম্প্রচার করা হয়।
তিনি বলেন, “আমি শিশুদের ভালবাসি এবং তাদের নিয়ে ঘরে ফিরতে চাই। আমি চাই না এখানে কোনো রক্তপাত ঘটুক। আর যদি তা ঘটে তার জন্য আমরা দায়ি থাকব না, সে দায় পুলিশের ওপরই বর্তাবে।”
জান ডুকাট টনডো এলাকায় একটি দুস্থ শিশু পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করেন। ওই কেন্দ্রের ১৪৫ শিশুর উচ্চশিক্ষার নিশ্চয়তা চেয়েছেন তিনি।
শিশুদের জিম্মি করার জন্য তিনি দুঃখও প্রকাশ করেন। তবে প্রচলিত ব্যবস্থাই তাকে একাজে বাধ্য করেছে বলে দাবি করেন তিনি।
এছাড়া দেশের নোংরা রাজনীতি প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান ডুকাট। তিনি বলেন, “রাজনীতিবিদদের কারণে দেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে। তাদের ওপর ভরসা করার কোনো উপায় এখন আর নেই। নিজেদের পথ এখন আমাদের নিজেদেরই দেখতে হবে।”
খবর পেয়ে বাসে আটক শিশুদের উদ্বিগ্ন স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে জান ডুকাটের প্রতি সহানুভূতিই প্রকাশ করেন তারা। তাদের অনেকেই ব্যক্তিগতভাবে চেনেন ডুকাটকে।
আটক এক শিশুর বাবা জোজো আবুয়া বলেন, “ডুকাট খুব ভালো লোক। তাকে আমি চিনি। সে কখনওই আমাদের সন্তানদের কোনো ক্ষতি করবে না।”
আরেক অভিভাবক সুসান ফেরল বলেন, “ডুকাট বীরের মতোই কাজ করেছে। অসহায় ও দুস্থ শিশুদের জন্য নিবেদিতপ্রাণ একজন লোক হিসেবেই তাকে আমরা জানি।”
তারা মনে করছেন, জান ডুকাট যে প্রশ্ন তুলেছে, তা সত্যিই গুরুত্বপূর্ণ। বিষয়টি সবারই ভাবা উচিত।
