মিশর সরকারের দাবি, সংবিধান পরিবর্তনের অনুমোদন পাওয়া গেছে
মিশরের সরকার বলেছে সংবিধান পরিবর্তনে আয়োজিত গণভোটে প্রায় ৭৬ ভাগ অনুমোদন পেয়েছে তারা। পরিবর্তিত সংবিধানে ইসলামপন্থীদের রাজনীতি নিষিদ্ধ করাসহ এককভাবে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার মতো ক্ষমতা অর্জনে সক্ষম হবেন মিশরের প্রেসিডেন্ট।
সংবিধানে পরিবর্তন আনতে সোমবার ওই গণভোট অনুষ্ঠিত হয়। এদিকে, ব্যাপক জালিয়াতির অভিযোগে নির্বাচনী ফলাফল বাতিলের দাবি জানিয়েছে বিরোধী দল এবং মানবাধিকার সংগঠনগুলো।
মিশরের বিচারমন্ত্রী মামদুহ মারা’ই বলেছেন ২৭.১ ভাগ ভোটার এই হ্যাঁ / না ভোটে অংশ নিয়েছেন। তিনি বলেন, মোট ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৭১ লাখ ৭০ হাজার, যা মোট জনসংখ্যার প্রায় নয় দশমিক সাত ভাগের সমান।
১৯৮১ সালে দেশটির ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের পদ দখল করে আছেন হোসনি মোবারক। বর্তমানে সংবিধান পরিবর্তন করে তার ক্ষমতাকে আরও মজবুত করার চেষ্টা করা হচ্ছে।
সংবিধান পরিবর্তন করে যেসব নতুন বিধান করা হচ্ছে তাতে ইসলামপন্থী প্রধান বিরোধী দলসহ সমমনা দলগুলোর রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা করছে সরকার। পরিবর্তিত সংবিধানে এককভাবে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার ক্ষমতা পেয়ে যাবেন মোবারক। এছাড়াও ১৯৮১ সাল জরুরি অবস্থায় জারি করা জনজীবন সংকোচনমূলক আইনগুলোকে স্থায়ীভাবে বহাল করা হচ্ছে এ সংবিধানে।
এ পরিবর্তনকে স্থায়ীভাবে গণতন্ত্র ধ্বংস ও মানবাধিকারের চরম লংঘন হিসেবে দেখছেন বিরোধীরা।
বিরোধী দল এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে ভোট প্রদানের প্রকৃত হার আরও অনেক কম। নির্বাচনী অব্যবস্থাপনা এবং কারচুপির আশংকায় আগে থেকেই নির্বাচন বয়কট করেছিল ইসলামপন্থীসহ অন্যান্য বিরোধী দলগুলো।
ইজিপশিয়ান অর্গানাইজেশন অফ হিউম্যান রাইটস (ইওএইচআর) বলেছে প্রকৃত ভোটার অংশগ্রহণের হার মাত্র পাঁচ ভাগের কাছাকাছি হতে পারে।
দেশটির প্রধান বিরোধী দল মুসলিম ব্রাদারহুডের উপনেতা মোহামেদ হাবিব বলেছেন, “এটা শতভাগ জালিয়াতি। তারা মিথ্যা কথা বলছে।”
