২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাতি নিধনে নামছে জিম্বাবুয়ে

হাতি নিয়ে বিপাকে পড়েছে জিম্বাবুয়ে। সেখানে হাতির সংখ্যা ক্রমেই বাড়ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই হাতি নিধনের পরিকল্পনা হাতে নিয়েছে জিম্বাবুয়ে সরকার। মঙ্গলবার সে দেশের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এ তথ্য দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 06:29 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বন্যপ্রাণী সংক্রান্ত্র দপ্তরের মুখপাত্র এডওয়ার্ড মবেইয়ের উদ্ধৃতি দিয়ে ক্রনিকল পত্রিকা জানায়, হাতির সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। ফলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি লোকালয়ে এসে হাতিরা মানুষের ওপর আক্রমণও চালাচ্ছে। আর এ কারণেই হাতি নিধনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

মবেই জানান, ওই পরিকল্পনার অংশ হিসেবে প্রতি শিকারীকে বছরে ৫০০টি হাতি শিকারের অনুমতি দেওয়া হবে। বিলুপ্তপ্রায় প্রজাতির বাণিজ্য সংক্রান্ত আন্তর্জাতিক বিধিবিধান মেনেই তা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তবে এর আগে শিকারীদের বছরে কয়টি হাতি নিধনের অনুমতি দেওয়া হত, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

কর্তৃপক্ষ বলছেন, জিম্বাবুয়েতে এখন হাতির সংখ্যা এক লাখ। বনাঞ্চল অনুযায়ী এ সংখ্যা ৪৫ হাজার হওয়া উচিত।

এদিকে সরকারের হাতি নিধন পরিকল্পনার বিরোধিতা করছে বেশ কয়েকটি পরিবেশবাদী গ্র“প। তারা বলছে, হাতির যে সংখ্যা সরকার দিচ্ছে তা তথ্যনির্ভর নয়। কেননা, গত সাত বছর ধরে সরকার এ নিয়ে কোনো জরিপই চালায়নি।