২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত ইহুদি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার রায় নাকচ

একটি ইহুদি পরিবারকে ক্ষতিপূরণ দিতে ফ্রান্সের রেল কর্তৃপক্ষ ‘এসএনসিএফ’র বিরুদ্ধে দেওয়া রায় নাকচ করে দিয়েছে ফ্রান্সের একটি আপিল আদালত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক ইহুদি ব্যক্তির পরিবারকে ট্রেনে করে নাৎসী অধিকৃত ফ্রান্সের একটি অন্তর্বর্তী শিবিরে পাঠিয়ে ছিল রেল কর্তৃপক্ষ। এ কারণে তার উত্তরসূরীদেরকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 05:23 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

গত বছরের জুন মাসে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই ঐতিহাসিক রায় দিয়েছিল আদালত।

বিশ্বযুদ্ধে সময়ে পোলিশ বংশোদ্ভুত ইহুদি জর্জেস লিপিয়েৎজকে আটক করে ফরাসী পুলিশ। এরপর তাকে প্যারিসের কাছে একটি নাৎসী বন্দিশিবির বা ‘নির্যাতন কেন্দ্রে’ পাঠাতে রেল কর্তৃপক্ষের হাতে তুলে দেয় পুলিশ। এসএনসিএফ তাকে নাৎসীদের হাতে তুলে দেয়।

এ ঘটনায় লিপিয়েৎজের উত্তরসূরীদের ৬১ হাজার ইউরো (৭৯, হাজার ৪০ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দিতে ফরাসী সরকার এবং রেল কর্তৃপক্ষ এসএনসিএফকে নির্দেশ দেয় আদালত।

তবে দক্ষিণপশ্চিম বোর্দেওক্সের একটি প্রশাসনিক আপিল আদালত তাদের রায়ে বলেছে, বিশ্বদ্ধকালীন ওই ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষের আইনগত বাধ্যবাধকতা প্রমাণে সক্ষম হয়নি ওই প্রশাসনিক আদালত। ফলে বিষয়টিকে এখন সাধারণ ফৌজদারি কিংবা দেওয়ানি আদালতে নিয়ে যেতে হবে বাদী পক্ষকে।

এ রায় নাকচ হয়ে যাওয়ায় দেশান্তরে বাধ্য করার অভিযোগে সরকারের বিরুদ্ধে শত শত ইহুদি পরিবারের দায়ের করা অনেক মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সে প্রায় ৭৬ হাজার ইহুদিকে আটক করে বিভিন্ন নাৎসী ক্যাম্পে পাঠানো হয়েছিল। ফরাসী রেল কর্তৃপক্ষ সেসময় তাদের বক্স কারে করে বন্দি পরিবহনের কাজটি করেছিল।