অর্থ ছাড় নিয়ে বেইজিঙে যুক্তরাষ্ট্র ও উত্তর কেরিয়ার আলোচনা
ম্যাকাওয়ের ব্যাংকে উত্তর কোরিয়ার গচ্ছিত অর্থ ছাড়ের বিষয়ে আলোচনায় বসেছেন ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের কর্মকর্তারা। মঙ্গলবার বেইজিংয়ের মার্কিন দূতাবাস এ খবর জানিয়েছে।
দূতাবাস জানায়, ড্যানিয়েল গ্রেসারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের একদল কর্মকর্তা সোমবার বেইজিঙে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। তারা ওই অর্থ ব্যাংক অফ চায়নার উত্তর কোরিয়ার একাউন্টে স্থানান্তর নিয়ে কথা বলেন।
যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন অর্থ অবমুক্ত করবে, তবে তা স্থানান্তর নির্ভর করে ম্যাকাও কর্তৃপক্ষের ওপর।
অর্থ ছাড়ে বিলম্বের কারণ দেখিয়ে গত সপ্তাহে ছয় জাতি সংলাপ বয়কট করেছিল উত্তর কোরিয়া। আগামী কয়েক দিনের মধ্যেই এ সঙ্কট কেটে যাবে বলে আশাবাদী ওই সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্রিস্টোফার হিল। তিনি আরও বলেন, “অর্থ স্থানান্তরের জন্য আলোচনা ছেড়ে আসা খুবই ভুল সিদ্ধান্ত।”
এদিকে, ম্যাকাওয়ের ব্যাংকে উত্তর কোরিয়ার আটকা পড়া অর্থের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাজ্যের একটি বাণিজ্যিক সংস্থা পিয়ংইয়ঙের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী অর্থ সরবরাহের বিরোধিতা করেছে। অর্থ স্থানান্তর রোধে তারা সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে বলে হুমকি দিয়েছে। ‘কোরিও এশিয়া’ নামে সংস্থাটি উত্তর কোরিয়াভিত্তিক ডেইডং ক্রেডিট ব্যাংকের বেশিরভাগ শেয়ার কিনতে যাচ্ছে। তারা দাবি করছে, ম্যাকাও ব্যাংকে জব্দকৃত আড়াই কোটি ডলারের ৭০ লাখ ডলার ডেইডং ক্রেডিট ব্যাংকের।
সংস্থার চেয়ারম্যান কলিন ম্যাকাসকিল বলেছেন, “ম্যাকাওয়ের কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা নিয়েছি আমি। আর ডেইডঙের অর্থ আমাদের সম্মতি ছাড়া কোনোভাবেই নেওয়া যাবে না।”
অর্থ স্থানান্তর ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “প্রয়োজনে আইনি প্রক্রিয়া গ্রহণেও আমরা পেছপা হব না।”
