বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
আবারও রকেট হামলা হয়েছে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে। সোমবার একটি রকেট আঘাত হানে সেখানে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মার্কিন দূতাবাসের মুখপাত্র লু ফিনটার রকেট হামলার কথা স্বীকার করেন। তবে ঠিক কোথায় এটি আঘাত হেনেছে তা নিশ্চিত করে বলতে পারেননি।
তিনি বলেন, “একটি বিস্ফোরণের শব্দ আমরা পেয়েছি। ধারণা করছি, এটি রকেট হামলা। তবে এতে কেউ হতাহত হয়নি। তাছাড়া কোথায় এটি আঘাত হেনেছে, তা এখনও নিশ্চিত করে বলতে পারছি না।”
ওই এলাকায় ইরাক সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরসহ বেশ কিছু দূতাবাস ভবন রয়েছে।
গত সপ্তাহে একই এলাকায় জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সংবাদ সম্মেলনের সময় একটি রকেট আঘাত হানে।
