রাশিয়া সফরে চীনের প্রেসিডেন্ট
চীনের প্রেসিডেন্ট হু জিনতাও সোমবার রাষ্ট্রীয় সফরে মস্কো এসে পৌঁছেছেন। সফরের লক্ষ্য পারস্পরিক সম্পর্ক জোরদার করা, এ কথা বলা হলেও বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি চুক্তি করাই চীনের প্রেসিডেন্টের সফরের মূল উদ্দেশ্য।
সাংবাদিকদের দেওয়া একটি লিখিত বিবৃতিতে হু জিনতাও বলেন, “আমি নিশ্চিত বলতে পারি, এ সফর চীন ও রাশিয়ার পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া দুই দেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্কও সম্প্রসারিত হবে।”
কর্মকর্তারা জানিয়েছেন, সফরকালে রুশ প্রেসিডেন্টের সঙ্গে হু জিনতাওয়ের বৈঠকে ইরানের প্রসঙ্গটিও স্থান পাবে।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়াকে বাণিজ্য ও বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়ে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য তেল চুক্তি করতে পারেন হু।
তেল ও গ্যাস পাইপলাইন নিয়ে দুই দেশের আলোচনা কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়।
বিশ্বের তেল ব্যবহারকারী দেশের মধ্যে চীনের অবস্থান অবস্থান দ্বিতীয়, আর তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।
তবে চীনের মতো জাপানও রাশিয়া থেকে তেল ও গ্যাস নিতে চায়। তবে দুই দেশেই রপ্তানি করার মতো পর্যাপ্ত তেল রাশিয়ার রয়েছে কিনা, তা নিয়ে বিশেষজ্ঞ মহলে সন্দেহ রয়েছে।
চীন ও রাশিয়ার সম্পর্ক নিয়ে গবেষণারত সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের নিকোলাস নর্লিং বলেন, “সম্ভবত রাশিয়া চীনের বাজারে প্রবেশের সুযোগ এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য চীনকে তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে কিছু ছাড় দিবে।”
সফরকালে তেলসমৃদ্ধ তাতারাস্তান ভ্রমণের কথা রয়েছে হু জিনতাওয়ের। সেখানকার তেল কোম্পানি তাতনেফটের সঙ্গে একটি চুক্তিও হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। তবে এ নিয়ে বিস্তারিত নিয়ে কিছু বলতে চাননি তিনি।
এদিকে চীন রাশিয়া থেকে আরও সামরিক সরঞ্জাম কিনবে বলে মস্কো আশা করে বসে আছে বলে মনে করেন নর্লিং। তার মতে, “রাশিয়ার অস্ত্র শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ।”
