বার্ড ফ্লু মোকাবেলায় জাকার্তায় হু’র বৈঠক
বার্ড ফ্লু মহামারি রোধে জাকার্তায় বৈঠকে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশ্বের ১৮টি দেশ থেকে কর্মকর্তারা অংশ নিচ্ছেন এতে। মূলত বার্ড ফ্লু আক্রান্ত দেশগুলোই এতে অংশ নিচ্ছে।
বার্ড ফ্লু’র প্রতিষেধক তৈরিতে নমুনা বিনিময়র ওপর আলোচনা হয় ওই বৈঠকে। বার্ড ফ্লু বা এইচ৫এন১ ভাইরাসের নমুনা অন্য দেশকে দিতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া। তবে তারা নিশ্চয়তা চেয়েছে, ওই নমুনা যেন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়। একই কথা বলেছে বৈঠকে অংশ নেওয়া উন্নয়নশীল দেশগুলোও।
যদিও কয়েকটি স্বাস্থ্য ও দাতব্য সংস্থা ইন্দোনেশিয়ার অবস্থানের সমালোচনা করেছে। তবে ইন্দোনেশিয়ার পক্ষে যারা রয়েছে, তারা বলছে, অধিকাংশ সময়ই উচ্চ মূল্য আর পেটেন্ট আইনের গ্যাঁড়াকলে পড়ে জীবনদায়ী অনেক রোগের ওষুধ পেতে গরিব দেশগুলোকে ঝঞ্ঝাট পোহাতে হয়। ফলে বাণিজ্যিকভাবে প্রতিষেধক তৈরি হলে দেখা যাবে যে গরিব দেশগুলো তা কিনতে পারছে না।
ইন্দোনেশিয়া জানিয়েছে, তারা ভাইরাস বিনিময় সংক্রান্ত আইন তৈরিতে হু'কে সহায়তা করবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডেভিড হেইম্যান সোমবার বলেন, “ভাইরাস বিনিময় নিয়ন্ত্রণের লক্ষ্যে যে কোনো বিধি নিষেধ আরোপ প্রতিষেধক তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।”
হেইম্যান আশ্বাস দেন, “যেসব দেশ হু’কে ভাইরাসের নমুনা দিয়েছে তারা নিশ্চিত থাকতে পারে, ওই নমুনা শুধু প্রয়োজনীয় ঝুঁকি নিরূপণের লক্ষ্যেই ব্যবহৃত হবে।”
হু’র কর্মকর্তারা আরও আশ্বাস দেন, গরিব দেশগুলোর প্রতিষেধক প্রাপ্তি নিশ্চিত করতে প্রতিষেধকের উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে উন্নয়নশীল দেশগুলোও যেন তা তৈরি করতে পারে সে জন্য প্রযুক্তি ও অবকাঠামোগত সহায়তা দেওয়া যেত পারে।
পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর নতুন প্রতিষেধক তৈরির সময় এর কিছু অংশ উন্নয়নশীল দেশগুলোর জন্য সংরক্ষিত রাখার প্রস্তাবও করেন স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা।
তবে পৃথক বিবৃতিতে ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সিতি ফাদিলাহ সুপারি বলেন, “প্রতিষেধক তৈরিতে আরও বেশি প্রযুক্তি সহায়তা না পেলে তারা নমুনা বিনিময়ে বিধি নিষেধ আরোপ করে আইন তৈরির দাবি জানাবেন।”
একই সঙ্গে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হিসেবে ইন্দোনেশিয়াতেই প্রতিষেধক তৈরির গবেষণার মূল কেন্দ্র স্থাপনের দাবি জানান তিনি।
বৈঠকের উদ্বোধনী ভাষণে ইন্দোনেশিয়ার সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী আবুরি জাল বাকারি বলেন, “যদি বাণিজ্যিক ভিত্তিতে প্রতিষেধক উৎপাদন হয়, তবে বিশ্ব বাজারে প্রচুর চাহিদা থাকার কারণে এর দাম গরিব মানুষের নাগালের বাইরে চলে যাবে।”
বার্ড ফ্লু একে একে প্রায় সব মহাদেশেই ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভাইরাসটি যদি রূপ পরিবর্তন করে মানবদেহে ছড়িয়ে পড়ে, তবে মহামারীতে লাখ লাখ মানুষ মারা যাবে।
