আরব পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য সৌদিতে হামাস প্রধান
সৌদি আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের শান্তি পরিকল্পনায় পূর্ণ সমর্থন দেওয়া সংক্রান্ত আলোচনার জন্য রোববার রিয়াদ পৌঁছেছেন হামাস প্রধান খালেদ মেশাল। ঊর্ধ্বতন এক ফিলিস্তিন কর্মকর্তা একথা জানান।
সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সহযোগী অন্যান্য আরব দেশ দখল করা ভূখণ্ড ফেরত পাওয়ার বিনিময়ে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে তারা আগামী বুধবার আরব লীগের এক সম্মেলনে এ সংক্রান্ত একটি উদ্যোগ পুনরুজ্জীবিত করতে চায়। এ কারণেই মেশালকে সৌদি আরবে আমন্ত্রণ জানানো হয়েছে।
মেশাল এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সৌদি আরব সফরে গেলেন। মঙ্গলবার তিনি সৌদি বাদশাহ আবদুল্লাহ ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। মেশালের এবারের সফরের উদ্দেশ্য হলো, নতুন ফিলিস্তিন সরকারের পক্ষে সমর্থন যোগাড় করা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফিলিস্তিন কর্মকর্তা বলেন, গতবারের সফরে সৌদি আরব মেশালকে আরব শান্তি পরিকল্পনায় পূর্ণ সমর্থন দেওয়ার অনুরোধ জানায়। মেশাল ওই অনুরোধে সাড়া দিয়ে বলেন, তিনি প্রস্তাবটি বিবেচনা করবেন।
এ ব্যাপারে হামাসের অবস্থান কী হবে জানতে চাইলে গাজায় হামাসের এক কর্মকর্তা ইয়াহিয়া মুসা রয়টার্সকে বলেন, “আমরা মক্কা চুক্তি মেনে চলতে প্রতিশ্র“তিবদ্ধ। আমরা এ চুক্তির ব্যাখ্যায় যাব না।”
তবে হামাসের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তারা ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা সংক্রান্ত আরব পরিকল্পনার বিরোধিতা করেছেন। শর্তসাপেক্ষ হলেও হামাস এর বিরোধিতা করবে বলে তিনি জানান।
আরব শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হলো, ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েলের দখলকৃত ভূমি পুনরুদ্ধার এবং সেখান থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। তবে ইসরায়েল কয়েকটি ব্যাপারে দ্বিমত করে ২০০২ সালে ওই পরিকল্পনা প্রত্যাখান করে।
