ডোনাল্ড সাং আবারও হংকঙের প্রশাসক নির্বাচিত
আরও পাঁচ বছরের জন্য হংকঙের প্রধান নির্বাহী হিসেবে নির্বাচিত হলেন ডোনাল্ড সাং। এ জয়ের পেছনে অন্যতম নির্ধারকের ভূমিকা রেখেছে চীনা নেতাদের সমর্থন। অবশ্য কোনো সরাসরি নির্বাচনের মাধ্যমে নয়, একটি নির্বাচক পরিষদের ভোটেই প্রশাসক হিসেবে আবারও দায়িত্ব পেলেন সাং। রোববার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচক পরিষদের ৭৯৫ জন সদস্যের মধ্যে ৬৪৯ জনেরই সমর্থন পেয়েছেন সাং। গণতন্ত্রপন্থী শিবিরের প্রার্থী অ্যালান লিওং পেয়েছেন ১২৩ জনের ভোট। এছাড়া পাঁচটি ভোট নাকচ হয়ে গেছে বলে জানিয়েছেন এক নির্বাচনী কর্মকর্তা।
সাবেক এ ব্রিটিশ উপনিবেশটি চীনের কাছে ফেরৎ দেওয়ার পর এখানে জনগণের সরাসরি ভোটে নির্বাচনের দাবি ওঠে জোরেসোরে। কিন্তু এখনও সে দাবির প্রতি নমনীয় নয় চীনা কর্তৃপক্ষ। যে সম্মেলন কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে তার বাইরেই বিশাল বিক্ষোভ হয়েছে এবারও।
তবে এবারের নির্বাচনকে চীনা কর্র্তৃপক্ষের জন্য একটা পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ১৯৯৭ সালে চীনের কাছে হংকং ফেরৎ দেওয়ার পর এবারই প্রথম কোনো গণতন্ত্রপন্থী প্রার্থী অংশগ্রহণ করলেন নির্বাচনে। অ্যালান লিওং মাত্র ১২৩ ভোট পেলেও একে চীনাদের জন্য একটি সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
