২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করেছে বৃটিশ নৌ-সেনারা

ইরানের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করেছে পারস্য উপসাগরে আটক বৃটিশ নৌ-সেনারা। ইরানের আরবী ভাষার টেলিভিশন আল-আমিন জানিয়েছে, তাদের স্বীকারোক্তি শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে। আটক সেনাদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন বলেও জানানো হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 03:40 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

কিন্তু, ব্রিটিশ সেনারা ইরান নয় ইরাকের জলসীমায় ছিল এই কথা বলে তাদের মুক্তি দাবি করে আসছে যুক্তরাজ্য। তবে ওই সেনাদের পরিচয় এখনও জানায়নি দেশটি।

ইরান-ইরাক সমুদ্রসীমা বিভাজনকারী শাত-ইল-আরব জলধারার কাছে শুক্রবার বৃটিশ নৌ-বাহিনীর ১৫ সদস্যকে আটক করে ইরানের উপকূলরক্ষীরা। সেখানে দুটি নৌকায় করে একটি বাণিজ্যিক জাহাজে তল্লাশী চালানোর সময় ইরানি উপকূলরক্ষীরা তাদের ইটক করে। 

এদিকে, ইসনা সংবাদ সংস্থা একজন সামরিক মুখপাত্রের বরাত দিয়ে জানায়, আটক নৌ-সেনাদের জিজ্ঞাসাবাদের মধ্যে রাখা হয়েছে। ইরানের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করেছে তারা।

ইরানের উর্ধ্বতন সেনা কমান্ডার আলিরেজা আফসার এ প্রসঙ্গে রাষ্ট্রীয় বেতারকে জানান, আটক নৌ-সেনাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা সুস্থ আছেন।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, আটকদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন।

এদিকে, তেহরানে একজন ব্রিটিশ কূটনীতিক বলেন, “আমরা এখনও বলতে চাই আটক নৌ-সেনারা ইরাকের জলসীমায় ছিলেন।”

নৌ-সেনাদের মুক্তির বিষয়ে রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ করার সম্ভাবনার কথা জানালেন তিনি।