গুয়ানতানামো বন্দি ডেভিড হিকসের শুনানি শুরু হচ্ছে সোমবার
গুয়ানতানামো বে-তে বন্দি অস্ট্রেলিয়ান নাগরিক ডেভিড হিকসকে মার্কিন সামরিক ট্রাইব্যুনালের মুখোমুখি করা হচ্ছে সোমবার। হিকসের শুনানি শুরু হলে এটাই হবে মার্কিন বিশেষ সামরিক আদালতে কোনো গুয়ানতানামো বন্দির প্রথম শুনানি। তবে বিপুল সংখ্যক অস্ট্রেলীয়র দাবি তার শুনানি অস্ট্রেলিয়ার কোনো আদালতে হোক।
এদিকে, অস্ট্রেলিয়ার রক্ষণশীল সরকার বলেছে ডেভিড হিকসের মামলার বিষয়ে কোন ধরনের হস্তক্ষেপ করবেন না তারা । সরকার বলেছে হিকসের বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি অস্ট্রেলিয়ায় হতে পারে না কারণ এ ধরনের অভিযোগকে ২০০১ সালে অপরাধ হিসেবে গণ্য করা হতো না।
আফগানিস্তানে আল কায়েদার সদস্যদের সঙ্গে যোগ দিয়ে তাদের নানাভাবে সহযোগিতা করার অভিযোগে ২০০১ সালে গ্রেফতার করা হয় ৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ার অ্যাডেলেইডের বাসিন্দা ধর্মান্তরিত মুসলিম ডেভিড হিকসকে।
এদিকে, কিউবার গুয়ান্তানামো বে-তে বন্দি হিকসের প্রতি দিন দিন অস্ট্রেলিয়ায় জন সমর্থন বেড়েই চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে মার্কিন ওই বিশেষ সামরিক আদালতের ওপর জনগণের আস্থা। এছাড়া, চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন- সবকিছু মাথায় রেখে অনেকটা বাধ্য হয়েই হিকসের বিলম্বিত বিচার কার্যক্রমে হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড।
“হিকস গ্রেফতার হওয়ার পর তার বিচারকার্য শুরু হওয়া নিয়ে আমরা প্রথমে ধৈর্য্য ধরেছিলাম, তারপর আমাদের মধ্যে জন্ম নেয় উদ্বেগ ও সংশয়, আর এখন জনগণ পুরোপুরি ক্ষিপ্ত,” গ্রেফতারের এতোদিন পর তার বিচার প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে এ কথা বলেন অস্ট্রেলিয়ার সিনেটর বব ব্রাউন।
