মোজাম্বিকে অস্ত্রাগার বিস্ফোরণের ঘটনায় সরকারের তদন্ত কমিশন গঠন
অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে মোজাম্বিক সরকার। বৃহস্পতিবার রাজধানী কিনশাসায় সরকারি অস্ত্রাগারে এক বিস্ফোরণে ৯৬ জন নিহত ও চার শতাধিক আহত হন।
মোজাম্বিকের আইনপ্রণেতা এদুয়ার্দো নামবুরেতের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ আফ্রিকার বার্তা সংস্থা সাউথ আফ্রিকান নিউজ এজেন্সি শনিবার জানায়, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। কমিশনকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অস্ত্রাগার বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় শুক্রবার থেকে তিনদিনের জাতীয় শোক পালন করছে মোজাম্বিক। দেশটির প্রেসিডেন্ট আর্মান্দো গুয়েবুজা জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। ওই ঘটনার কারণে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেন তিনি।
বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ ঘটে অস্ত্রাগারে। এর রেশ চলে শুক্রবার পর্যন্ত। ধারণা করা হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ওই বিস্ফোরণ ঘটে। মোজাম্বিক রেডিও জানায়, বৃহস্পতিবার রাজধানীর তাপমাত্রা ছিল রেকর্ড পরিমাণ ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড।
বিস্ফোরণের পরপরই অস্ত্রাগারে থাকা রকেট ও গোলাবারুদ শহরের বিভিন্ন এলাকায় গিয়ে আঘাত হানে। ফলে ব্যাপক প্রাণহানি হয়। আহতদের অনেকের অঙ্গ - প্রত্যঙ্গ উড়ে যায়। অনেক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়।
