ব্রিটিশ নৌ-সেনাদের অনুপ্রবেশের ঘটনা ‘সন্দেহজনক’: তেহরান
ইরানের জলসীমায় ব্রিটিশ নৌ - সেনাদের অবৈধ অনুপ্রবেশের ঘটনা ‘সন্দেহজনক’ এবং এজন্যই তাদের আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। আটক নৌ - সেনাদের জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই রাজধানী তেহরানে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছে ব্রিটেন। ইরানের দুটি বার্তা সংস্থা শনিবার একথা জানিয়েছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, “ইরানের জলসীমায় ১৫ ব্রিটিশ নৌ - সেনা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং বিষয়টিকে সন্দেহজনক বলে এর নিন্দা জানিয়েছে সরকার।”
অন্যদিকে আধাসরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, “‘আগ্রাসী কাজের’ জবাবদিহিতার জন্য তাদেরকে রাজধানী তেহরানে নিয়ে যাওয়া হয়েছে।”
তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও উল্লেখ করেছে তারা। এছাড়া, আটকদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি হোসাইনি বলেছেন, “অনুমোদনহীনভাবে অন্য দেশের সীমানায় প্রবেশ করা বেআইনি এবং আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন।”
বিষয়টি অগ্রাহ্য করার কিংবা এর দায় এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, লন্ডনে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে অবিলম্বে ব্রিটিশ নাবিকদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে, তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে ইরানের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশের ব্যাখ্যা দাবি করেছে ইরান।
এ প্রসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেকেট বলেছেন, “আমরা এ ঘটনার একটি সুষ্ঠু ব্যাখ্যা এবং অবিলম্বে ব্রিটিশ নাবিকদের নিরাপদ প্রত্যাবর্তন ও নৌযান ফেরত দেওয়ার জন্য ইরানি কর্তৃপক্ষকে জানিয়েছি।”
ব্রিটেন বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতাও শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শনিবার তাদের মুক্তি দাবি করে বিবৃতি দিতে পারে বলে জানিয়েছে সংস্থাটির বর্তমান সভাপতি জার্মানি।
