পারস্য উপসাগরে ১৫ ব্রিটিশ নৌ-সেনাকে আটক করেছে ইরান
পারস্য উপাসাগরে ব্রিটিশ নৌবাহিনীর ১৫ সদস্যকে শুক্রবার আটক করেছে ইরানের উপকূল রক্ষীরা। ইরান- ইরাক সমুদ্রসীমা বিভাজনকারী শাত-ইল-আরব জলধারার কাছে দুটি নৌকা থেকে তাদের আটক করা হয়। ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদে ভোটাভুটির ঠিক এক দিন আগেই এ ঘটনা ঘটল।
এদিকে লন্ডনে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে অবিলম্বে ব্রিটিশ নাবিকদের মুক্তি দাবি করেছে যুক্তরাজ্য। অন্যদিকে তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে ইরানের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশের ব্যাখ্যা দাবি করেছে ইরান।
যুক্তরাজ্য বলেছে, দুটি নৌকায় থাকা ওই ব্রিটিশ নাবিক ও মেরিন সেনারা জাতিসংঘ অনুমোদিত মিশনে ‘ইরাকের জলসীমায়’ একটি কার্গো জাহাজে তল্লাশি চালাচ্ছিল। ওই সময় ইরানি গানবোট এসে তাদের ঘিরে ফেলে এবং নৌকাদুটিসহ ১৫ ব্রিটিশকে আটক করে নিয়ে যায়। এসময় কোনো গুলি চালানো হয়নি এবং সবাই অক্ষত আছে বলেও জানিয়েছে ব্রিটেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেকেট বলেছেন,“আমরা এ ঘটনার একটি সুষ্ঠু ব্যাখ্যা এবং অবিলম্বে ব্রিটিশ নাবিকদের নিরাপদ প্রত্যাবর্তন ও নৌযান ফেরত দেওয়ার জন্য ইরানি কর্তৃপক্ষকে জানিয়েছি।”
এদিকে ইরানি টেলিভিশনের খবরে বলা হয়েছে,“ইরানের জলসীমায় ব্রিটিশ নৌবাহিনীর সদস্যদের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।”
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয়দফা নিষেধাজ্ঞা প্রস্তাবে ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে শনিবার। এমন সময়ে ব্রিটিশ নৌযান আটকের ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরেক দফা বেড়েছে বলে জানা গেছে।
