রাশিয়ায় পুতিনের সম্ভাব্য দুই উত্তরসূরির গ্রহণযোগ্যতা বেড়েছে
রাশিয়ায় প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের উত্তরসূরি হিসেবে যে দুজনকে ভাবা হচ্ছে, জনগণের মধ্যে উভয়ের গ্রহণযোগ্যতাই বেড়েছে। সর্বসাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে এ চিত্র। আগামী মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার সবচেয়ে বড় স্বাধীন জরিপ পরিচালনাকারী সংস্থা লেভাডা সেন্টার জানায়, বর্তমানে ৫৭ ভাগ রুশ পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আস্থা রাখছেন উপপ্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের ওপর। আর আরেক সম্ভাব্য উত্তরসূরি সের্গেই ইভানভের ক্ষেত্রে আস্থা প্রকাশ করেন শতকরা ৫৯ ভাগ।
গত মাসের তুলনায় মেদভেদেভের গ্রহণযোগ্যতা বেড়েছে তিন শতাংশ, আর ইভানভের বেড়েছে এক শতাংশ।
রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে ব্যাপক উপস্থিতির সুযোগ সম্ভবত তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সেখানে বিরোধী দলীয় রাজনীতিবিদদের কালেভদ্রে দেখা যায়।
লেভাডার জরিপে আরও দেখা যায়, ৮১ শতাংশ রুশ এখনও ভাদিমির পুতিনের ওপর পরিপূর্ণ আস্থাশীল। ফলে মনে করা যেতেই পারে তার পছন্দের প্রার্থীই নির্বাচিত হবেন। আর পুতিনও বিভিন্ন সময় এ দুজনকেই তার উত্তরসূরি হিসেবে ইঙ্গিত করেছিলেন।
তবে ব্যক্তি হিসেবে পুতিন কিংবা তার সম্ভাব্য উত্তরসূরিদের ওপর আস্থা রাখলেও সরকারের ওপর আস্থা রাখতে পারছেন না রুশরা। জরিপে দেখা যায়, মাত্র ৪২ শতাংশই সরকারের কার্যক্রমে সন্তুষ্ট।
রাশিয়ার ৪৬টি অঞ্চলে প্রায় ১৬০০ মানুষের মধ্যে ওই জরিপ চালানো হয়।
