২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামো কারাগার বন্ধ করতে চেয়েছিলেন রবার্ট গেটস

প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই গুয়ানতানামো বন্দিশালা বন্ধ করে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন রবার্ট গেটস। কিন্তু ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিসহ বুশ প্রশাসনের অন্য কর্মকর্তাদের বিরোধিতায় নাকচ হয়ে যায় গেটসের প্রস্তাব।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 12:25 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

অবশ্য পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস তখন সমর্থন করেছিলেন গেটসকে। নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার এ তথ্য জনিয়েছে।

গেটস চেয়েছিলেন সন্দেহভাজনদের যুক্তরাষ্ট্রে নিয়ে এসে বিচার করা হোক। কারণ ওই কারাগারে যে কোনো বিচার কাজকেই সন্দেহের চোখে দেখবে আন্তর্জাতিক সম্প্রদায়। তাই বিচার প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করার জন্যই কারাগারটি বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন গেটস। ডিসেম্বর মাসে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই এ মতামত দিয়েছিলেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রীর এ প্রস্তাব অনুসারে বন্দিদেরকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার বিরোধিতা করেছিলেন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ও এটর্নি জেনারেল আলবার্তো গনজালেসসহ অন্য কর্মকর্তারা। স্বয়ং প্রেসিডেন্ট বুশ গুয়ানতানামো বন্ধের বিপক্ষে অবস্থান নিলে গেটসের প্রস্তাবটি আর হালে পানি পায়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বুশ প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বন্দিশালা বন্ধের বিষয়টি আবারও সামনে চলে আসতে পারে। সরকারি আইনজীবী বরখাস্তের ঘটনায় এটর্নি জেনারেল গনজালেসের পদত্যাগের দাবি সম্প্রতি বেশ জোরেশোরে উঠেছে। আর তিনি যদি পদত্যাগ করেন তাহলে গুয়ানতানামো বন্দিশালাটি বন্ধের বিষয়টি আবার সামনে চলে আসতে পার।

গুয়ানতানামোতে বন্দি নির্যাতনের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে আছে যুক্তরাষ্ট্র। এমনকি তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোও দাবি জানিয়েছে বন্দিশালাটি বন্ধ করে দেওয়ার। সেখানে আটক ৩৮৫ বিদেশি বন্দির মাত্র একজনের বিরুদ্ধে এ পর্যন্ত চার্জ গঠন করা হয়েছে।