যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের পাল্টা অভিযোগ চীনের
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে চীন। এতদিন চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে আসছিল ওয়াশিংটন।
চীনের মন্ত্রিপরিষদের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার জানায়, কয়েক বছর ধরেই চীনসহ বিশ্বের ১৯০টিরও বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দৃষ্টি দিচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা থেকেছে নিশ্চুপ। উপরন্তু বিশাল সেনাবাহিনীর বলে অন্য দেশের সার্বভৌমত্ব ক্ষুণœ করে আসছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ওই দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন ঘটাচ্ছে অহরহ।
প্রতিবেদনে অভিযোগ করা হয়, “ইরাক ও আফগানিস্তান যুদ্ধে জেনেভা কনভেনশনের লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া দেশটির অভ্যন্তরেও মানবাধিকার পরিস্থিতি আশানুরূপ নয়। সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠী সেখানে নির্মম নিপীড়নের শিকার।”
অন্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মাথা ঘামানোর চেয়ে নিজের চরকায় তেল দেওয়ার জন্যও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ‘পরস্পরবিরোধী’ বলেও অভিহিত করা হয়েছে প্রতিবেদনে।
এদিকে মন্ত্রিপরিষদের ওই প্রতিবেদনের মূল কপি চাইলে এখনই তা সরবরাহে অসম্মতি জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
