২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৫

চীনে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১৫ শ্রমিক নিহত হয়েছেন। হুনান প্রদেশের ওই খনিতে বিস্ফোরণের জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বাতাস চলাচলের পথ না থাকাকেই প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। খনির দুই মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 10:55 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, মঙ্গলবার ওই খনিতে বিস্ফোরণ ঘটে। বুধবার ১৫ শ্রমিকের লাশ তুলে আনে উদ্ধারকর্মীরা। এছাড়া জীবিত উদ্ধার করা হয় ১৭ শ্রমিককে।

কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থার খবরে বলা হয়, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বাতাস চলাচলের পথ না থাকাই ওই দুর্ঘটনার কারণ।

নিরাপত্তার পর্যাপ্ত বন্দোবস্ত না থাকায় ২০০৬ সালের আগস্টে খনিটি বন্ধের নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু তা সত্ত্বেও উৎপাদন অব্যাহত রাখে মালিকরা। এ জন্য পুলিশ দুই মালিককে গ্রেফতার করেছে। এছাড়া খনির ব্যবস্থাপনা পরিচালককে গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে সিনহুয়া জানায়।

চীনে বিস্ফোরণে ২০০৬ সালে মোট ৪ হাজার ৭৪৬ জন খনি শ্রমিক নিহত হন। বিষয়টি নিয়ে সরকারও এখন ভাবছে। এ বছরই ৪ হাজার খনি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। খনি দফতরের প্রধান লি ঝং বলেছেন, “রীতি নীতি ও নিরাপত্তা পর্যাপ্ত বন্দোবস্ত নেই এমন কয়লা খনিগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”