২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার বিমান যাত্রীদের লাশ শনাক্তে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের যাত্রীদের লাশ শনাক্তে এখন হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। বুধবার ইয়োগাকার্তা বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় গারুড়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 01:46 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

নিহত বিমানযাত্রীদের লাশ শনাক্তে বৃহস্পতিবার কাজ শুরু করেন বিশেষজ্ঞরা। এ পর্যন্ত নয় জনকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জানতে চাইলে গারুড়া এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, “আগুনে পুড়ে অনেকের দেহ এত বিকৃত হয়েছে যে সনাক্ত করা কঠিন। তাদের অবস্থা আমি ভাষায় বর্ণনা করতে পারছি না।”

এদিকে জিএ-২০০ ফ্লাইটটির চালক এবং সহকারী চালককে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে তদন্তকারীরা। এরা দুজনেই বড় ধরনের আঘাত ছাড়াই বিমান থেকে নিরাপদে নামতে পেরেছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র সিসনো আদিউইনোতো বলেছেন, “প্রাথমিকভাবে যেসব তথ্য আমরা পেয়েছি, তাতে মনে হচ্ছে অবতরণ করতে গিয়ে কোন ভুল হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে।”

জাকার্তা ছেড়ে আসা বোয়িং ৭৩৭-৪০০ বিমানটি ১৩৩ জন যাত্রী নিয়ে ইয়োগাকার্তা ফিরছিল। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে গেলে সঙ্গেসঙ্গেই এতে আগুন ধরে যায়।

প্রাথমিকভাবে কর্মকর্তারা ৪৯ জন নিহত হওয়ার তথ্য জানালেও এখন বলছেন, ওই দুর্ঘটনায় ২০ জনের বেশি নিহত হয়েছেন। তবে এর মাঝেও সরকারি কর্মকর্তা ও এয়ারলাইন্স কর্তৃপক্ষের বক্তব্যে অমিল রয়েছে।