২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন পর্যটকদের জন্য এখনই প্রস্তুত নয় কিউবা

মার্কিন পর্যটকদের জন্য দেশটির দরোজা খুলে দিতে এখনই প্রস্তুত নয় কিউবা। বুধবার এ কথা জানিয়েছেন দেশটির পর্যটন উপমন্ত্রী অস্কার গনজালেস।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 03:11 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

অস্কার গনজালেস বলেন, “যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা যদি উঠিয়েও নেয়, তবু পর্যটকদের জন্য দেশটিকে প্রস্তুত করতে এখনও সময়ের দরকার। কেননা, পর্যটকদের জন্য নতুন নতুন হোটেল, মোটেল এবং প্রয়োজনীয় ভবনাদি নির্মাণ করতে হবে।”

মার্কিন কংগ্রেসে আইন প্রণেতাদের উত্থাপিত প্রস্তাবটির প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, “আমার মনে হয় কিউবা ভ্রমণে পর্যটকদের ওপর যুক্তরাষ্ট্র যে অন্যায় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তা তুলে নেওয়ার প্রক্রিয়াটাও বেশ সময়সাপেক্ষ।”

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা মনে করছেন, কিউবার ওপর থেকে ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া উচিত। তবে তাদের তোলা প্রস্তাবটি কংগ্রেস অনুমোদন করার পরও বুশের ক্ষমতা রয়েছে তাতে ভেটো প্রদানের। সুতরাং, প্রস্তাবটি কার্যকর হওয়ার বিষয়টি এখনো প্রশ্নসাপেক্ষ।

কমিউনিস্ট শাসিত দেশটির মনোরম স্থানগুলো ভ্রমণে বেশ আগ্রহী যুক্তরাষ্ট্রের সৌন্দর্যপিপাসু নাগরিকরা। শুভ্র সৈকতে ভ্রমণ, আর্নেস্ট হেমিংওয়ের প্রিয় বারগুলোতে বিশেষ পানীয় ‘ডেইকুরিস’ পান, কিংবা ভিন্টেজ শকটে চড়ে অতীত রোমন্থনের বাসনা দীর্ঘদিন ধরেই প্রকাশ করছেন তারা। কয়েকটি জরিপে দেখা গেছে, ত্রিশ লাখ মার্কিনি আগামী পাঁচ বছরের মধ্যে কিউবা ভ্রমণে আগ্রহী।

কিন্তু কিউবার বিভিন্ন হোটেলে আছে মাত্র ৪২ হাজার কক্ষ। বিপুল সংখ্যক পর্যটকের ঝক্কি সামলাতে বর্তমানের দ্বিগুণ আবাসন ব্যবস্থা করতে হবে কিউবাকে।

উলে¬খ্য, ফিদেল ক্যাস্ট্রো সরকারকে চাপের রাখতে দেশটি ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র সরকার।