২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন বাহিনী প্রধান জানালেন, আর সৈন্যের প্রয়োজন নেই

ইরাকে নতুন করে আর সেনা পাঠানোর প্রয়োজন নেই। একথা জানিয়েছেন ইরাকে মার্কিন বাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেট্রায়ুস। বৃহস্পতিবার বাগদাদে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গত মাসে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সংবাদ সম্মেলন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 06:51 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ডেভিড পেট্রায়ুসের মতে, ইরাক পরিস্থিতি মোকাবেলায় যে পরিমাণ মার্কিন সেনার প্রয়োজন, তা এখন সেখানে রয়েছে। তিনি বলেন, “এই মুহূর্তে যে পরিস্থিতি দেখছি, তাতে বাড়তি সেনা পাঠানোর প্রয়োজন নেই। তবে যখন প্রয়োজন হবে, তখন পাঠানো যেতে পারে।”

ইরাকে অতিরিক্ত সেনা মোতায়েনের যে বিষয়টি অনুমোদিত হয়ে রয়েছে, তার সব সেনাই এখন ইরাক পৌঁছেনি। তাদের ব্যাপারে ভাবনা কী- জানতে চাইলে এই মার্কিন সেনা কর্মকর্তা বলেন, “বিষয়টি নিয়ে আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে এখনও আমি পৌঁছিনি।”

ইরাক পরিস্থিতির অবনতিতে প্রেসিডেন্ট বুশের নতুন পরিকল্পনা গ্রহণের পর ইরাকে মার্কিন বাহিনীর দায়িত্ব নেন ডেভিড পেট্রায়ুস। কংগ্রেসে বিরোধিতার মাঝেও ইরাকে নতুন করে ২১ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট বুশ। এদিকে মঙ্গলবার পেন্টাগনের এক কর্মকর্তা জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী অতিরিক্ত সেনা সংখ্যা ৩০ হাজারে গিয়ে ঠেকতে পারে। 

ইরাকে এখন মোট ১ লাখ ৪০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।