ইরানের বিভিন্ন প্রকল্পে সাহায্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আইএইএ
শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ছদ্মাবরণে ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। এ অভিযোগে ইরানের বিভিন্ন প্রকল্পে সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ)। বৃহস্পতিবার সংস্থার বোর্ড অফ গভর্নরসের সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ইরান বলেছে, এর মধ্য দিয়ে আইএইএ এর স্বাধীনতা খর্ব করা হয়েছে। সিদ্ধান্তের বিরোধিতা করছে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) জোটভুক্ত দেশগুলোও।
ভিয়েনায় আইএইএ এর সদর দপ্তরে বসে সংস্থার বোর্ড অফ গভর্নরসের সভা। ৩৫ রাষ্ট্রের সমন্বয়ে গঠিত বোর্ডের রুদ্ধদ্বার সভায় ইরানের ৫৫টি প্রকল্পের মধ্যে ২২ প্রকল্পে সাহায্য বন্ধ অথবা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
ইরানের ওপর ২০০৬ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘ আরোপিত প্রথম দফা নিষেধাজ্ঞার আলোকেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
আইএইএ এর সাহায্য কর্মসূচির অর্থ মূলত দিয়ে থাকে পশ্চিমা রাষ্ট্রগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। পরমাণু শক্তির ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি জোরদারের লক্ষ্যে বিভিন্ন দেশকে ওই সহায়তা দেওয়া হত। কৃষি ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্পে ব্যবহৃত হত সে সাহায্য।
এর আগে ইউরোপীয় দেশগুলো ইরানকে জাতিসংঘের বেঁধে দেওয়া সময় অনুযায়ী পরমাণু কর্মসূচি বন্ধের আহ্বান জানায়। তবে তাতে সাড়া দেয়নি ইরান।
আইএইএ এর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সংস্থাটিতে ইরানের দূত আলী আসগর সুলতানি এ সিদ্ধান্তের জন্য নিরাপত্তা পরিষদেকেই অভিযুক্ত করেন। তিনি বলেন, “এর মধ্য দিয়ে সংস্থাটির স্বাধীনতা খর্ব করা হয়েছে।”
এদিকে জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত দেশগুলোও এ সিদ্ধান্তে সন্তষ্ট হতে পারেনি। তাদের আশঙ্কা, এর মধ্য দিয়ে উন্নয়নশীল দেশগুলোতে সাহায্য বন্ধের একটি পথ তৈরি হল। তাছাড়া ইরানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার ভিত্তি নিয়েও সংশয় রয়েছে তাদের।
ন্যামভুক্ত দেশের এক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ রয়টার্সকে বলেন, “আমরা কেউই এতে সন্তষ্ট নই। আইএইএ এর সাহায্য ইরান সামরিক খাতে ব্যয় করছে, এমন প্রমাণও পাওয়া যায়নি।”
ইরান দাবি করে আসছে, তার পরমাণু কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনেই তারা এ কাজ চালাচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর সন্দেহ, ইরান ভেতরে ভেতরে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে।
এ জন্য জাতিসংঘ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু তাতেও ইরান পরমাণু বন্ধে অস্বীকৃতি জানানোয় দেশটির ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় চলছে। এ জন্য এখন নিউ ইয়র্কে বৈঠক চলছে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রসহ জার্মানির কর্মকর্তাদের।
তারা আশাবাদী, আগামী সপ্তাহ নাগাদ নিষেধাজ্ঞার খসড়া চূড়ান্ত করতে পারবেন।
