২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল, নিহত ২

মৌসুমী ঘূর্ণিঝড় ‘জর্জ’র আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমের উপকূলীয় এলাকা। ঝড় ও প্রবল জলোচ্ছ্বাসে এ পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 02:03 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ঝড়ে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। বন্ধ হয়ে গেছে ওই অঞ্চলের তেল শোধনাগার এবং লোহা কারখানাগুলোর কার্যক্রম।

বৃহস্পতিবার দিবাগত রাতে পোর্ট হেডল্যান্ডে আঘাত হানে সাইক্লোন ‘জর্জ’। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৭৫ কিলোমিটার। রাতভর চলে ঝড়ের তাণ্ডব। পোর্ট হেডল্যান্ড থেকে ১০০ কিলোমিটার দক্ষিণের বিএইচপি বিলিটন/পিএলসি এর একটি শ্রমিক ছাউনির অস্থায়ী বাড়ি-ঘর বিধ্বস্ত হয়ে যায়। এখানে নিহত হন একজন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এখানে বেশ কয়েকজন আহত হন। এছাড়া একটি খামারে অপর এক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও জরুরি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির খবর এখনও আসছে। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় দমকল ও জরুরি বিভাগের মুখপাত্র অ্যালেন গেল জানান, আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘুর্ণিঝড়ের কারণে বিএইচপি বিলিটন তাদের অর্ধেক শ্রমিককে ছাউনি থেকে সরিয়ে নিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে একটি কারখানা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাইক্লোন ‘জর্জ’ শুক্রবার উপকূল থেকে আরও ভেতরের দিকে সরে আসতে পারে। তবে ঝড়টি দুর্বল হয়ে না হওয়া পর্যন্ত এ সব এলাকার বাসিন্দাদের ঘরের ভেতর থাকার অনুরোধ জানিয়েছেন জরুরি বিভাগের কর্মকর্তা ডেরেক জোনস।

এদিকে, দ্বিতীয় আরেকটি ঘূর্ণিঝড় ‘জ্যাকব’ পশ্চিম অস্ট্রেলিয়ার দিকে এগিয়ে এলেও তা এখনো উপকূল থেকে দূরে ভারত মহাসাগরের ক্রিস্টমাস আইল্যান্ডের কাছে অবস্থান করছে।