বাগদাদে যুক্তরাষ্ট্র, ইরান ও সিরিয়ার কর্মকর্তাদের বহু প্রতীক্ষিত বৈঠক শনিবার
বহু প্রতীক্ষিত বাগদাদ সম্মেলনে শনিবার এক সঙ্গে বসছেন যুক্তরাষ্ট্র, ইরান ও সিরিয়ার কর্মকর্তারা। একদিনের এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোসহ আরব দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা। ইরাকে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় নুরি আল মালিকি সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।
কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এই সম্মেলন। এরপরই রুদ্ধদ্বার বৈঠকে বসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, সম্মেলনে ১৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
ইরাকে সন্ত্রাসে মদদ দেওয়ার জন্য ইরান ও সিরিয়াকে অভিযুক্ত করে আসছে যুক্তরাষ্ট্র। তার মধ্যেই এক সঙ্গে বৈঠক কূটনীতিবিদসহ বিশ্লেষকদের মনে কৌতূহল জাগিয়ে তুলেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, বাগদাদ সম্মেলনের মধ্য দিয়ে ইরান ও সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, “দেশ দুটি সম্পর্কে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। যুক্তরাষ্ট্রের চাওয়া হচ্ছে, সেখানে মোতায়েন সেনা ও ইরাকি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তবে আশা করছি, ইরাকে শিশু গণতন্ত্রকে রক্ষায় এগিয়ে আসবে ইরান ও সিরিয়া।”
সম্মেলনের আগে শুক্রবার রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোশায়ের জেবারি বলেন, “আমরা ইরাককে একটি রণক্ষেত্র হতে দিতে চাই না। প্রতিবেশী দেশগুলোরও এমনটা চাওয়া উচিত, অন্তত তাদের স্বার্থে হলেও। আর নিরাপত্তা নিশ্চিত করতে এই অঞ্চলে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে সবাই একযোগে কাজ করতে পারি। আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের উদ্যোগে গঠনমূলক সহায়তা দিক। সেটা না হলেও বাধা যেন না দেন।”
বাগদাদ সম্মেলনে সবাইকে এক করতে পারাটাকে সাফল্য বলেই দাবি করছেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “দেশে অনেক সমস্যার মধ্যেও এরকম একটি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি। প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও সাধ্যমতো সহায়তা করতে চাই আমরা।
সাদ্দাম যুগের পর ইরাক সরকারের প্রতি ইরানের অবস্থান ইতিবাচক বলেই স্বীকার করেন হোশায়ের জেবারি। তবে তিনি বলেন, “এটা তাদের জন্য একটা বড় সুযোগ। এর মধ্য দিয়ে স্পষ্ট হবে, আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখতে তাদের অঙ্গীকারের প্রতি তারা কতটা আন্তরিক।”
১৯৯০ সালের পর এটা ইরাকে সবচেয়ে বড় সম্মেলন বলে অভিহিত করেন হোশায়ের জেবারি। ইরাকি প্রধানমন্ত্রী বলেন, “সম্মেলনে যে সব প্রতিনিধি অংশ নিচ্ছেন, সবাই উপপররাষ্ট্র মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। আশা করা যায়, এর মধ্য দিয়ে আরও বড় সম্মেলন আয়োজনের ক্ষেত্রও প্রস্তুত হবে।”
