২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাতিন আমেরিকায় বুশ - শাভেজ পাটাপাল্টি সফর

একই সময়ে লাতিন আমেরিকা সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ ও তার কড়া সমালোচক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। আর দুই নেতার পাল্টাপাল্টি এই সফর সে অঞ্চলসহ বিশ্বজুড়েই আগ্রহের সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 01:26 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

একদিকে প্রেসিডেন্ট বুশ চাচ্ছেন ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে শাভেজের প্রভাব খর্ব করতে। আর অন্যদিকে বুশবিরোধী সমাবেশে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে তুলোধুনো করছেন শাভেজ।  

পাঁচ দেশ সফরের দ্বিতীয় দিন বুশ যখন উরুগুয়ে পৌঁছান, তখন প্রতিবেশী দেশ আর্জেন্টিনায় বুশের বিরুদ্ধে সমাবেশ করেন শাভেজ। ‘সাম্রাজ্যবাদ বিরোধী’ ওই সমাবেশে হাজার হাজার শ্রমিক ও বামপন্থীরা অংশ নেন।

উরুগুয়েতেও বিক্ষোভের মুখে পড়তে হয় বুশকে। সফরের সময় হাজার হাজার বিক্ষোভকারীরা ‘বুশ ফিরে যাও’ স্লোগানে কাঁপিয়ে তোলে মন্টিভিডিও। মুখোশধারী বিক্ষোভকারীরা ম্যাগডোনাল্ডসের তিনটি দোকানও ভাংচুর করে।

বিক্ষোভকারীদের একজন আলেসান্দ্রো পিরিজ বলেন,“সরকার স্বাগত জানালেও আমরা যে বুশকে প্রত্যাখ্যান করছি তা সরকারকে বোঝানো উচিত।”

এর আগে বুশ ব্রাজিল সফরকালে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভার সঙ্গে সাক্ষাত করেন প্রেসিডেন্ট বুশ। জৈব জ্বালানি উৎপাদন বৃদ্ধিতে পারস্পরিক সহায়তার ওপরও জোর দেন প্রেসিডেন্ট বুশ।

শাভেজের নেতৃত্বে লাতিন আমেরিকায় মার্কিনবিরোধী একটি সমাজতান্ত্রিক প্রভাববলয়ের বিপরীতে ব্রাজিলের লুলা ডা সিলভাকেই মিত্র বানাতে চাইছেন বুশ। আর এক্ষেত্রে ‘ইথানল কূটনীতি’ শুরু করেছেন মার্কিনিরা। জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাতে ‘বায়ো ফুয়েল’ বা জৈব--জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়াতে চাইছে তারা।

বিশ্বের বৃহত্তম ইথানল উৎপাদক ব্রাজিল ও যুক্তরাষ্ট্র একত্রে বিশ্বের মোট ৭০ ভাগ ইথানল উৎপাদন করে থাকে। ইথানলের ব্যবহার বাড়াতে পারলে ভেনেজুয়েলার তেলের ওপর এ অঞ্চলের নির্ভরতা কমার পাশাপাশি দেশটির রাজনৈতিক প্রভাব খর্ব করা যাবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

এদিকে বুশ যে সাহায্য দেওয়ার প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করে শাভেজ বলেন, “আমাদের সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে ভাঙন ধরানো চেষ্টা চালাচ্ছে বুশ।”

লাতিন আমেরিকায় শাভেজের প্রভাব খর্ব করতেই এই সফর কি না- এমন প্রশ্নে প্রেসিডেন্ট বুশ কূটনৈতিক উত্তরই দেন। প্রশ্নটি এড়িয়ে গিয়ে তিনি বলেন, “আমার এ সফরের উদ্দেশ্য হল লাতিন আমেরিকা যে বিনিয়োঘের একটি ভালো স্থান তা স্মরণ করিয়ে দেওয়া।”

বৃহস্পতিবার আর্জেন্টিনায় পৌঁছেই হুগো শাভেজ বলেন, “কপটতা আর ভণ্ডামির জন্য বুশকে স্বর্ণপদক দেওয়া দরকার। এতোদিন পর তিনি আবিষ্কার করলেন আমাদের দারিদ্র্য! আর তাই এ নিয়ে মায়াকান্না জুড়েছেন। আমাদের দারিদ্র্যের আসল কারণ তো যুক্তরাষ্ট্রই।”

প্রসঙ্গত কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল, গুয়েতেমালা ও মেক্সিকোতে সপ্তাহব্যাপী সফরের জন্য বৃহস্পতিবার ওয়াশিংটন ছাড়েন জর্জ বুশ।