পরমাণু কর্মসূচির বিষয়বস্তু নিরাপত্তা পরিষদকে জানাতে ইরানের আগ্রহ প্রকাশ
নিজেদের পরমাণু কর্মসূচির খুঁটিনাটি নিরাপত্তা পরিষদে তুলে ধরতে চাইছে ইরান। সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার এ খবর জানিয়েছে।
ইরান টেলিভিশন জানায়, প্রেসিডেন্ট আহমাদিনেজাদ তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির খুঁটিনাটি নিরাপত্তা পরিষদের সামনে তুলে ধরতে চাইছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আরও জানানো হয়, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র ও জার্মানিকে নিয়ে গঠিত বিশ্বশক্তিগুলোর পরবর্তী বৈঠকেও অংশ নিতে পারেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা চলছে বিশ্বশক্তিগুলোর। কিন্তু এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য একটি খসড়া তৈরিতে মতৈক্য পৌঁছতে পারেনি দেশগুলো। কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে চাপ থাকলেও তার বিরোধিতা করছে চীন ও রাশিয়া।
এর আগে ২০০৬ সালের ডিসেম্বরে প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করা হয় ইরানের ওপর। পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে ২১ ফেব্র“য়ারি পর্যন্ত সময়ও বেঁধে দেওয়া হয়। কিন্তু তাতেও ইরান সাড়া দেওয়ায় দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার তোড়জোড় চলছে এখন।
ইরান দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের কাজেই তা লাগানো হচ্ছে। তবে পশ্চিমা দেশগুলোর সন্দেহ, ইরান শান্তিপূর্ণ কর্মসূচির ছদ্মাবরণে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে।
এ কারণে গত সপ্তাহে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানের বিভিন্ন প্রকল্পে সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেয়।
