পাক - ভারত শান্তি আলোচনায় অগ্রগতির লক্ষণ দেখছেন না বিশ্লেষকরা
শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে বেশ কিছুদিন ধরেই দফায় দফায় বৈঠক করছেন ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ইসলামাবাদে পুনরায় বসছেন তারা। তবে আলোচনায় অগ্রগতির কোনো লক্ষণ ধরা পড়ছে না বিশ্লেষকদের চোখে।
আফগানিস্তান থেকে জঙ্গিরা পশ্চিম সীমান্ত দিয়ে অনায়াসে প্রবেশ করছে, যুক্তরাষ্ট্রের এই অভিযোগ বেশ চাপের মধ্যে রেখেছে পাকিস্তানকে। আর বিভিন্ন ইস্যুতে ভারতও ন্যূনতম ছাড় দিতে নারাজ। এমন অবস্থার মধ্যেই ইসলামাবাদে বৈঠকে বসছেন দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। ২০০৪ সালে শান্তি প্রক্রিয়া শুরুর পর এটি হচ্ছে চতুর্থ রাউন্ডের আলোচনা। কাশ্মীরসহ অন্য সব বিষয়ই থাকছে আলোচ্যসূচিতে।
এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব সামশাদ আহমেদ খান বলেন, “সত্য কথা বলতে কি, বৈঠকের ফলাফল নিয়ে আশাবাদী হতে পারছি না আমি।”
পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক এজাজ আমিরের মতে, “ভারত যেমনটা সবসময় চেয়েছে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ঠিক তেমনই। পাকিস্তান সন্ত্রাসবিরোধী অস্ত্রে কুপোকাত, আর বিদ্রোহী ও জঙ্গিদের চলাচলও সীমিত। অর্থাৎ পরিস্থিতি পুরোমাত্রায় ভারতের অনুকূলে।”
কাশ্মীর নিয়ে কোনো অগ্রগতি দৃশ্যমান না হলেও মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে অন্য দুটো আঞ্চলিক বিরোধে। একটি হচ্ছে সিচুয়ান হিমবাহ, অপরটি হচ্ছে আরব সাগরের খাঁড়ি স্যার ক্রিস। এ দুটোর অধিকার দাবি করেছে আসছে উভয় দেশই।
এজাজ আমির বলেন, 'এখানে দুটো ইস্যুতে আলোচনা হতে পারে, তবে আমার মনে হয় না তেমন কোনো সমঝোতা হবে।'
তিনি বলেন, 'পাকিস্তান এখন পশ্চিম সীমান্ত নিয়ে ব্যস্ত, এর মধ্যে বিচারপতি বরখাস্তের ঘটনা জটিলতা আরও বাড়িয়েছে। আমি সন্দিহান যখন পাকিস্তান নিজ সৃষ্ট সমস্যায় হাবুডুবু খাচ্ছে তখন ভারত শান্তি আলোচনায় খুব বেশি অগ্রসর হবে।'
একই রকম মত নয়া দিল্লির ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট ম্যানেজমেন্টের অজয় সাহানীরও। তিনিও বেশি কিছু আশা করেন না। তবে আলোচনা বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, “এটা আসলে দাতা গোষ্ঠিকে দেখানোর জন্যই করা হচ্ছে। কারণ উভয় দেশই আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল।”
যদিও প্রত্যাশা কম, খুব সীমিত পর্যায়ের সমঝোতা, এমন কি এই পারস্পরিক আলোচনাও গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করেন আবার অনেক বিশ্লেষক। তাদের একজন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ সুখ দেব মুনি বলেন, “আসলে বড় ধরনের ঘটনা ঘটবে ছোটো ছোটো সাফল্যের পর। তাই একটু ধৈর্য তো ধরতেই হবে।”
তার আশাবাদী উচ্চারণ, 'এ ধরনের আলোচনা সব সময়ই আশাপ্রদ। অন্তত এটা উত্তেজনা দমিয়ে রাখে, মুখোমুখি সংঘাতের ঝুঁকি কমায় এবং উভয় পক্ষই গঠনমুলক প্রক্রিয়ায় যুক্ত রাখে। '
