ইরাক থেকে কৌশলে সরে আসার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
আশির দশকে এল সালভাদরের অভিজ্ঞতা মাথায় রেখে ইরাক থেকে পর্যায়ক্রমে সরে আসার নতুন কৌশল নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নীতি নির্ধারকরা। দি লস এঞ্জেলেস টাইমস সোমবার এক প্রতিবেদনে একথা জানায়।
অতিরিক্ত সেনা পাঠিয়েও দেশটিতে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হলে কিংবা আরও সেনা পাঠানোর পরিকল্পনা ডেমোক্রেটরা রুখে দিলে এ কৌশল গ্রহণ করা হবে বলে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনা কর্মকর্তা ও পেন্টাগন পরামর্শকদের উদ্ধৃতি দিয়ে লস এঞ্জলেস টাইমস জানায়, ইরাক থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার এবং ইরাকি নিরাপত্তা বাহিনীকে আরও বেশি প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দিয়ে ধীরে ধীরে সেখান থেকে সরে আসার কৌশল বিবেচনা করা হচ্ছে। আর এক্ষেত্রে বিবেচনায় করা হচ্ছে, ’৮০ এর দশকে এল সালভাদরের অভিজ্ঞতার কথা ।
১৯৮০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত এল সালভাদরের বামপন্থী গেরিলাদের মোকাবেলায় সেনাবাহিনীকে সহায়তা করতে সেখানে ৫৫ জন ‘গ্রিন ব্যারেট’ যোদ্ধা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এক দশকের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে ধীরে ধীরে মার্কিন সেনা উপস্থিতির বিষয়টি আড়াল করে সেখানে গোয়েন্দা কার্যক্রম এবং সেনাবাহিনীর বিশেষ কমান্ডো বাহিনীকে সক্রিয় করে তোলা হয়।
পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, “মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা উপস্থিতির বিষয়ে এক ধরনের অসহিষ্ণুতা আছে। এক্ষেত্রে ভালো কিছু আশা করার সুযোগ নেই। বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে পরিস্থিতি মোকাবেলা করতে গেলে পরাজয়ের আশঙ্কাই সামনে চলে আসে।”
পেন্টাগন কর্মকর্তারা বলছেন, “নতুন কৌশল নির্ধারণে আরও বিভিন্ন দিক খতিয়ে দেখতে হবে। তবে পরিকল্পনার প্রাথমিক কাজ এগুচ্ছে এল সালভাদরের দৃষ্টান্ত অনুসরণ করেই।
