বোমা হামলায় ১০ আফগান পুলিশ নিহত
আফগানিস্তানে বোমা হামলায় সোমবার ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা দাবি করছেন, রাস্তার পাশে বিস্ফোরিত ওই বোমাটি তালেবানরা পেতে রেখেছিল।
দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহ এর বাকওয়া জেলায় ওই বোমা হামলা হয় বলে জানিয়েছেন প্রাদেশিক নিরাপত্তা বাহিনী প্রধান খায়ের মোহাম্মদ। তিনি রয়টার্সকে টেলিফোনে জানান, বিস্ফোরণে নিহতদের মধ্যে বাকওয়া জেলার পুলিশ প্রধানও রয়েছেন।
খায়ের মোহাম্মদ বলেন, “পুলিশের একটি গাড়ি পেতে রাখা বোমার ওপর ওঠে যাওয়ার সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়। এতে ১০ জন নিহত হওয়া ছাড়াও আহত হন আরও এক পুলিশ সদস্য।”
হামলার জন্য তালেবানদের দায়ী করেন তিনি।
এদিকে শনিবার রাতে পাশ্ববর্তী হেলমান্দ প্রদেশে বিদেশি বাহিনীর বিমান হামলায় পাঁচ জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় আদিবাসীরা।
তবে ন্যাটো মুখপাত্র জানিয়েছেন, গেরেস্ক এলাকায় রোববার বিমান হামলা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে ন্যাটো ওই হামলা চালায়নি। যুক্তরাষ্ট্রের বাহিনীর মুখপাত্রও দাবি করেন, তারা ওই বিমান হামলার বিষয়ে কিছু জানেন না।
