২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি শরণার্থী নিয়ে যুক্তরাষ্ট্র - সিরিয়া আলোচনা

সিরিয়া সেদেশে স্রোতের মতো প্রবেশকারী ইরাকি শরণার্থীদের নিয়ে কীভাবে সামাল দিচ্ছে তা জানতে দামেস্কের এক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 04:27 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন সরবার্গ সোমবার সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদের সঙ্গে বৈঠক করেন। গত দুবছরের মধ্যে দুদেশের মধ্যে এটাই এ বিষয়ে প্রথম আলোচনা। এর আগে ২০০৫ সালের জানুয়ারিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী রিচার্ড আর্মিটেজ।

বৈঠকের পর সাংবাদিকদের মেকদাদ বলেন, “সিরিয়া যেভাবে এ সমস্যার মোকাবেলা করেছে যুক্তরাষ্ট্র তা ইতিবাচক দৃষ্টিতে দেখছে। তবে এ সমস্যার সঙ্গে এ অঞ্চলের সবগুলো সমস্যা জড়িত। আমরা সাধারণ পরিস্থিতি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। আমরা এটাও বলেছি, এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা কতোটা গুরুত্বপূর্ণ।”

তবে সরবার্গ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এদিকে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টম কেসি জানান, দুই পক্ষ ‘কার্যকরভাবে মত বিনিময় করেছে।’  

সরবার্গ দামেস্কের কর্মকর্তাদের ইরাকি শরণার্থীদের নিরাপত্তা ও সহযোগিতা দেওয়ারও অনুরোধ জানিয়েছেন বলে কেসি জানান।

কেসি বলেন, “ইরাকি শরণার্থীদের দায় হিসেবে উল্লেখ করা সত্ত্বেও সিরিয়া তাদের আশ্রয় দিতে রাজি হয়েছে।”

ইরাকি শরণার্থীদের দুর্দশা এড়িয়ে যাওয়া এবং তাদের যুক্তরাষ্ট্রে আশ্রয় না দেওয়ার জন্য ওয়াশিংটন অন্যদের কাছ থেকে সমালোচিত হওয়ার প্রেক্ষাপটে সরবার্গ সিরিয়া সফরে আসেন।

সিরিয়া ইরাক যুদ্ধের বিরোধিতা করলেও সেদেশে প্রায় ১০ লাখ ইরাকি শরণার্থী আশ্রয় নিয়েছে। প্রতি সপ্তাহে দেশটিতে হাজার হাজার বাস্তুচ্যুত ইরাকি প্রবেশ করছে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, সিরিয়া ইরাকি জঙ্গিদের মদদ দিয়ে আসছে। সিরিয়া অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ইরাককে স্থিতিশীল করার কাজে যোগ দিতে আগ্রহী। তবে সেক্ষেত্রে তারা ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ঘোষণার দাবি জানিয়েছে।