নতুন অস্ত্রের বদলে সেনাদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস
ইরাক ও আফগানিস্তানে যুদ্ধরত সেনাসদস্যদের সহায়তার জন্য হোয়াইট হাউস প্রতিরক্ষা বাজেটের ৩২০ কোটি ডলার ব্যয়ের খাত বদলের পরিকল্পনা করেছে। সোমবার প্রকাশিত একটি বাণিজ্য রিপোর্টে এ তথ্য জানা যায়।
২০০৭ অর্থ বছরের জরুরি যুদ্ধকালীন ব্যয় মেটানোর জন্য পরিশোধিত ব্যয় বরাদ্দের অনুরোধ সম্বলিত চিঠিটি হোয়াইট হাউস থেকে পাঠানো হয় কংগ্রেসে। এই চিঠিতে হোয়াইট হাউস জানিয়েছে, তারা মার্কিন সেনাদের জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও সাঁজোয়া যানে ব্যয় বরাদ্দের জন্য তিনটি উড়োজাহাজ প্রকল্পে বরাদ্দকৃত বাজেটের ৯২ কোটি ৩০ লাখ ডলার ব্যয় হ্রাস করবে।
হোয়াইট হাউস বাজেট ও পরিকল্পনা দপ্তরের পাঠানো চিঠিটি ইনসাইডিফেন্স ডট কম সংগ্রহ করে ছাপিয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, পাঁচটি লকহিড সি - ১৩০জে পরিবহন বিমানের জন্য বরাদ্দকৃত ৩৮ কোটি ৮০ লাখ ডলার, সিভি - ২২ বিমানের জন্য বরাদ্দকৃত ১৪ কোটি ৬০ লাখ ডলার এবং লকহিড এফ - ৩৫ এর জন্য বরাদ্দকৃত ৩৮ কোটি ৯০ লাখ ডলার ব্যয় স্থগিত করে এর বদলে বাড়তি ১৫০ কোটি ডলার ব্যয় করবে যুদ্ধাস্ত্র ও পরিবহন যান ক্রয়ে। এর মধ্যে মাইন ও চোরাগুপ্তা হামলা প্রতিরোধী পরিবহন যানের জন্য বরাদ্দ রয়েছে ৫০ কোটি ডলার।
জেনারেল ডাইনামিক্স কর্পোরেশন এই নতুন সাঁজোয়া যান সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। তবে ব্রিটেনের বিএই সিস্টেমস পিএলসি এবং আর্মার হোল্ডিংসও সেনাদের মাইন ও রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাত থেকে রক্ষা করার জন্য তৈরি নতুন প্রজাতির এই সাঁজোয়া যান সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করতে পারে, জানিয়েছেন প্রতিরক্ষা বিশ্লেষক লরেন থমসন।
প্রস্তাবিত পরিবর্তনগুলো প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের ভীতিকে সত্য প্রমাণিত করেছে। প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের ধারণা, যুদ্ধাস্ত্র উন্নয়ন ব্যয় বরাদ্দ কমে গিয়ে ব্যক্তিগত ও অন্যান্য আশু পরিবর্তনে ব্যয় বরাদ্দ বাড়ছে।
তিনি আরও জানিয়েছেন, গত বছরের শেষার্ধে বৈশ্বিক সন্ত্রাসবিরোধী যুদ্ধের পুরো খরচ সম্পুরক বাজেটে যোগ করার যে সিদ্ধান্ত নিয়েছিল পেন্টাগন, বর্তমান সিদ্ধান্ত তার সম্পূর্ণ বিপরীত।
তিনি বলেন, “এই সাম্প্রতিক পরিবর্তনগুলো আশু প্রয়োজন আর দীর্ঘকালীন প্রয়োজনের মধ্যকার টানাপড়েন এবং এতে যথারীতি আশু প্রয়োজন জয়ী হচ্ছে।”
