নতুন করে শান্তি আলোচনা শুরু করেছে ভারত - পাকিস্তান
পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান মঙ্গলবার নিজেদের মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু করেছে। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে বেশ কিছুদিন ধরেই দফায় দফায় বৈঠক করেন ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা। এর ধারাবাহিকতায় ইসলামাবাদে মঙ্গলবার থেকে দুদিনের আলোচনায় বসেন দুই দেশের পররাষ্ট্র সচিবরা।
আলোচনা শুরুর আগে দুই পররাষ্ট্র সচিব পাকিস্তানের রিয়াজ মোহাম্মদ খান ও ভারতের শিব শঙ্কর মেনন পরস্পরের সঙ্গে করমর্দন করেন।
দুই দেশের মধ্যে ২০০৪ সালে শান্তি প্রক্রিয়া শুরুর পর এটি হচ্ছে চতুর্থ রাউন্ডের আলোচনা। কাশ্মিরসহ অন্য সব বিষয়ই থাকছে আলোচ্যসূচিতে।
তবে আলোচনায় কাশ্মিরসহ ভূখণ্ডগত বিভিন্ন ধরনের বড় বড় সমস্যা নিয়ে তেমন গুরুত্বপূর্ণ অগ্রগতির ব্যাপারে আশাবাদী নন দুই দেশের বিশ্লেষকরা। এর আগে এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব সামশাদ আহমেদ খানও বলেন, “সত্যি কথা বলতে কি, বৈঠকের ফলাফল নিয়ে আশাবাদী হতে পারছি না আমি।”
পাকিস্তানের বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান এখন তার পশ্চিম সীমান্ত এবং আফগানিস্তান থেকে আগত জঙ্গিদের দমন সংক্রান্ত মার্কিন চাপ সামলাতে ব্যস্ত। ঠিক এই সময়ে ভারতের দিক থেকেও ছাড় দেওয়ার সম্ভাবনাও ক্ষীণ।
এ আলোচনা এমন এক সময় শুরু হলো যার কদিন আগে পাকিস্তানে প্রধান বিচারপতিকে বরখাস্তের ঘটনা ঘটে।
কাশ্মীর নিয়ে কোনো অগ্রগতি দৃশ্যমান না হলেও মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে অন্য দুটি আঞ্চলিক বিরোধে। এর একটি সিচুয়ান হিমবাহ এবং অপরটি আরব সাগরের খাঁড়ি স্যার ক্রিস। ১৯৮০ সাল থেকে এ দুটোর অধিকার দাবি করে আসছে উভয় দেশই। তবে এ দুটি নিয়ে আলোচনায় অগ্রগতির ব্যাপারেও তেমন আশাবাদী নন পাকিস্তানের বিশ্লেষকরা।
পাকিস্তারের নেশন পত্রিকা মঙ্গলবার এক সম্পাদকীয়তে মন্তব্য করে, “কাশ্মির নিয়ে আলোচনা কেন্দ্রীভূত হওয়ার প্রেক্ষাপটে স্যার ক্রিক ও সিচুয়ান নিয়ে আলোচনা এক প্রান্তে চলে যাবে। তবে নয়াদিল্লি এ দুটি নিয়ে আলোচনাতেও ছাড় দেবে না।”
“এগুলো নিয়ে আলোচনা জিইয়ে রাখা দরকার। কারণ, একবার যদি এ নিয়ে মতৈক্যে পৌঁছানো যায় তবে কাশ্মিরের মতো আরও জটিল বিষয় নিয়ে মনোযোগী হওয়ার ব্যাপারে দুই পক্ষের ওপর চাপ আরও বাড়বে যা ভারতীয় নেতৃত্ব এড়াতে পারবে না।”
