২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের প্রতি নমনীয় না হতে ইইউ-কে ইসরায়েলের সতর্কবাণী

হামাসের অংশগ্রহণে গঠিত কোনো ফিলিস্তিনি সরকারের প্রতি নমনীয় হলে তা ওই অঞ্চলে ‘সন্ত্রাসকে’ আরও উসকে দেবে বলে ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। কানাডা সফররত ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি ইউরোপীয় সংস্থাটির প্রতি সোমবার এ সতর্কবাণী উচ্চারণ করেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 01:15 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

লিভনি বলেন, ইসরায়েলকে মেনে নিয়ে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নয় বরং ইসরায়েলকে ধ্বংস করার জন্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে হামাস। এ অবস্থাতেও কেউ যদি হামাসের সঙ্গে একত্রে কাজ করতে চায় তাহলে তারা ভুল করছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এ অবস্থায় হামাসের সঙ্গে কাজ করলে তা এ অঞ্চলে সন্ত্রাসকে আরও বাড়িয়ে দিতে পারে কিংবা অচলাবস্থাকে আরও স্থায়ী করতে পারে।

ফিলিস্তিনে একটি ঐক্য সরকার গঠনে হামাস ফাতাহ’র মক্কা চুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে এক বৈঠকের পর সংস্থাটি জানায় ফিলিস্তনের নতুন ঐক্য সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা।

ইইউ’র ওই বিবৃতির তিনদিন পরই হামাসের সঙ্গে সহযোগিতা না করার জন্য সংস্থাটির প্রতি আহ্বান জানিয়ে এ সতর্কতা উচ্চারণ করলো ইসরায়েল।

ব্রাসেলস বৈঠকে ইইউ জানায়, চতুর্পক্ষীয় মধ্যপ্রাচ্য উদ্যোগের নীতিগত সিদ্ধান্তগুলো মেনে চলার অঙ্গীকার করায় ফিলিস্তিনের নতুন সরকারের সঙ্গে কাজ করতে একমত হয়েছেন তারা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ ওই মধ্যুপ্রাচ্য শান্তি উদ্যোগের সদস্য।