২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫

দক্ষিণ আফগানিস্তানে মঙ্গলবার আলাদা তিনটি আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী ছাড়াও এক পুলিশ ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ সময় অন্তত ১২ জন আহত হন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 07:26 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

পাকিস্তানের সীমান্তবর্তী শহর স্পিন বোলদাকের একটি পুলিশ চেকপোস্টে হামলা চালায় আত্মঘাতী সন্দেহভাজন এক তালেবান জঙ্গি। এই হামলায় হামলাকারীসহ এক পুলিশ ও সেখানে উপস্থিত এক সাধারণ নাগরিক নিহত হন।

“পুলিশের তল্লাশির সময় পাকিস্তানের সীমান্ত দিয়ে প্রবেশ করে এই আত্মঘাতী নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়,” সীমান্তরক্ষী বাহিনীর প্রধান আব্দুল রাজ্জাক জানিয়েছেন রয়টার্সকে।

ওই হামলায় আটজন আহত হন বলে তিনি জানান।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের রাজধানী লস্কর গায় আরও দুটি আত্মঘাতী বোমা হামলা হয়। তবে উভয় হামলায় শুধুমাত্র আত্মঘাতীরাই নিহত হন।

এদের একজনের আক্রমণের লক্ষ্যবস্তু ছিল ন্যাটোর সেনাবহর। তবে এই হামলায় ন্যাটোর কেউ হতাহত না হলেও সেখানে উপস্থিত দুজন আহত হন, জানিয়েছেন পুলিশের উপপ্রধান মোহাম্মদ ঈশা ইফতিখারী।

আফগান সেনাদপ্তরে চালানো অপর হামলায় এক সেনা আহত হন।

মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক সেনারা ২০০১ সালে তালেবান সরকারের পতন ঘটানোর পর গত বছর সবচেয়ে সক্রিয় ছিল তালেবান প্রতিরোধ। ২০০৬ সালে চার হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে এক হাজার বেসামরিক মানুষ। আত্মঘাতী হামলার সংখ্যা ২১ থেকে বেড়ে দাঁড়ায় ১৩৯ এ।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রোলান্ড নিউম্যান সোমবার জানান, এ বছরের শুরুতে শুরু হওয়া তালেবান হামলাকে নস্যাৎ করে দিতে সম্পূর্ণ সক্ষম মার্কিন নেতৃত্বাধীন বাহিনী, যেহেতু গত ১৮ মাসের মধ্যে এ সময়ই তালেবানদের অনুকূলে নেই সার্বিক পরিস্থিতি।

এছাড়া, ন্যাটো ও আফগান সেনাবাহিনী গত সপ্তাহে তালেবান হঠাতে বড় আকারের যুদ্ধ শুরু করেছে।

এদিকে ইদানিং নিজেদের পুরোনো ঘাঁটিতে আক্রমণের ধার বাড়িয়ে দিয়েছে তালেবানপন্থীরা। তাদের আত্মঘাতী বোমা হামলাকারীদের সংখ্যা বৃদ্ধির ঘোষণায় সরকারি রক্ষীবাহিনী ও পশ্চিমা সেনাবাহিনীর ওপর তীব্র আক্রমণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।