মেক্সিকোয় গর্ভপাত বৈধ করার আইন প্রণয়ন নিয়ে মুখোমুখি ক্যাথলিক ও উদারপন্থীরা
চার্চের পক্ষ থেকে প্রতিরোধের হুমকি সত্ত্বেও গর্তপাতকে বৈধ ঘোষণার সিদ্ধান্ত নিচ্ছে মেক্সিকো সিটি। এ আইন প্রণীত হলে মেক্সিকো সিটিই হবে এমন সিদ্ধান্ত নেওয়া রোমান ক্যাথলিক অধ্যুষিত মেক্সিকোর প্রথম শহর।
গর্ভধারণের প্রথম তিন মাসের মধ্যে গর্ভপাত বৈধ ঘোষণা করা সংক্রান্ত আইনটি মেক্সিকো সিটির স্থানীয় আইন সভায় উত্থাপিত হবে। আইন প্রণয়ন সংস্থার নিয়ন্ত্রণ এখন সংস্কারপন্থী ডেমোক্রেটিক রেভল্যুশন দলের হাতে। সিটি হলের ৬৬ আসনের মধ্যে ৩৪ আসন দখলে আছে দলটির। তাদের সমর্থনে এই প্রস্তাব অনুমোদিত হয়ে আইনে পরিণত হবে এমন আশা এই প্রস্তাবের সমর্থকদের মধ্যে।
আশা করা হচ্ছে, আগামী মাসেই আইনটি অনুমোদিত হবে এবং বছরের শেষ দিকে মেক্সিকোতে প্রথম বৈধ গর্ভপাতের ঘটনা ঘটবে।
মেক্সিকোর ক্ষমতাসীন দল ন্যাশনাল অ্যাকশন পার্টির সমর্থকদের অধিকাংশই ক্যাথলিক এবং দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরন গোড়া ক্যাথলিক সমর্থক। তবে মক্সিকো সিটির স্থানীয় সরকারের নিয়ন্ত্রণ ১৯৯৭ থেকেই সংস্কারপন্থীদের হাতে।
গর্ভপাত, ইচ্ছামৃত্যু কিংবা সমকামীদের বিয়েতে দল দুটোর অবস্থান পরস্পরের সম্পূর্ণ বিপরীত। ধর্মীয় অনুশাসনের প্রশ্নে সংস্কারপন্থীদের অবস্থান নমনীয়। গোড়া ক্যাথলিক ধর্মাবলম্বিরা এসব সমর্থন করে না।
ডেমোক্রেটিক রেভল্যুশন দলের প্রধান ভিক্টর হুগো চিরিগো বলেছেন, “কোনো গির্জা, কোনো ধর্মই তাদের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে পারে না এই শহরের ওপর।”
মেক্সিকো সিটির বিশেষ আইনে গর্ভকালীন জটিলতার যদি মায়ের প্রাণ সংশয় হয় তবে সেক্ষেত্রে গর্ভপাত আইনত বৈধ। তবে দেশের অন্যত্র শুধুমাত্র ধর্ষণের কারণে গর্ভবতী হলে সে গর্ভপাত বৈধ, জানিয়েছেন মেক্সিকোর গর্ভপাত সমর্থক দল জিআইআরইর প্রেসিডেন্ট মারিয়া লুইজা সানচেজ।
ধর্মীয় নেতারা বলেছেন, তারা এই আইন প্রণয়নের বিরোধিতা করবেন। তারা সাংবিধানিক চ্যালেঞ্জ এবং ব্যাপক গণপ্রতিরোধের হুমকিও দিয়েছেন।
“যদি শহরের আইন প্রণয়ন সংস্থা শহরের নৈতিকতা - চেতনা অনুধাবন করতে ব্যর্থ হয় তবে আমরা প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করে এটা প্রতিরোধ করব,” ক্যাথলিক চার্চের সংগঠনের হয়ে জানিয়েছেন আর্মান্ডো মার্টিনেজ।
যেহেতু গর্ভপাত নিষিদ্ধ তাই যেসব মেয়েরা অনাকাঙ্খিত গর্ভধারণ চায় না তাদের অস্বাস্থ্যকর গোপন ক্লিনিকে যেতে হয় গর্ভপাতের জন্য। আর দরিদ্রদের ভরসা রাস্তার হাতুড়ে চিকিৎসকেরা। এভাবে গর্ভপাত করে মৃত্যুবরণ করছে অনেকে।
গত ডিসেম্বরে ক্যাথলিক চার্চের সাথে সমকামী যুগলদের বিয়ে নিয়ে লড়াই হয়েছে শহরের আইন প্রণয়ন সংস্থাটির। উত্তরাঞ্চলীয় প্রদেশ কোয়াহুইলা একই আইনের সূত্র ধরে তাদের শহরের প্রথম সমকামী যুগলের বিয়ের অনুমোদন দেয় এ বছরের জানুয়ারি মাসে।
সংস্কারপন্থী দলের পরবর্তী পরিকল্পনা ইচ্ছামৃত্যুকে আইনগত বৈধতা দেওয়া। এ সিদ্ধান্ত নিয়েও ক্যাথলিকদের সঙ্গে বামপন্থীদের সংঘর্ষ হবে, অনুমান করছে বামপন্থী দলটি।
