বিতর্কিত পন্থায় কৃষি ভর্তুকি বাড়াচ্ছে উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলো
বিতর্কিত পন্থায় কৃষি ভর্তুকি বাড়িয়ে চলেছে ভারত, ব্রাজিলের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে এমন চিত্র। তবে এ ভর্তুকি এখনও উন্নত দেশগুলোর চেয়ে কম বলে ওই প্রতিবেদনে বলা হয়। দেখুন যঃঃঢ়://সবফরধ.নফহবংি২৪.পড়স
বৃহস্পতিবার প্রকাশিত ওইসিডির ওই প্রতিবেদনে মোট আটটি দেশের কথা বলা হয়েছে, যারা কৃষি বাণিজ্য সম্প্রসারণের মধ্য দিয়ে কৃষি ভর্তুকি বাড়াচ্ছে। এছাড়া বাজার মূল্য সহায়তার মাধ্যমেও ভর্তুকি বাড়াচ্ছে দেশগুলো। ফলে তাদের দেয়া ভর্তুকি সম্পর্কে সঠিক চিত্র পাওয়া যাচ্ছিল না। ওইসিডি বলছে, এ প্রক্রিয়ায় কৃষিপণ্যের মূল্য কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয়, যার কারণে প্রতিযোগিতামূলক বাজারে অনুপস্থিতিতে কৃষক উৎপাদিত পণ্যের প্রকৃত দাম পায় না।
ওইসিডি যে দেশগুলোর কথা বলেছে, সেগুলো হচ্ছে ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, চীন, বুলগেরিয়া, রুমানিয়া, রাশিয়া ও ইউক্রেন।
বিশ্বের মোট জনসংখ্যার ৪৪ শতাংশের বাস এ দেশগুলোতে এবং সম্মিলিতভাবে তারা বিশ্বের মোট কৃষি পণ্যের ৩০ শতাংশ উৎপাদন করে থাকে। বিশ্বের মোট মাংসের ৪০ শতাংশ এবং ফল ও সব্জির সামগ্রিক উৎপাদনের অর্ধেকের বেশি উৎপাদিত হয় এ দেশগুলোতে। তবে তাদের উৎপাদিত কৃষিপণ্যের অধিকাংশই নিজস্ব চাহিদাপূরণে ব্যয় হয়।
ওআইসিডের প্রতিবেদনে বলা হয়, “কৃষি ভর্তুকি দেওয়ার সবচেয়ে বিতর্কিত পন্থা হচ্ছে বাজার মূল্য সহায়তার মাধ্যমে তা দেওয়া এবং এই আটটি দেশ তাই করে যাচ্ছে।”
প্রতিবেদনে বলা হয়, ওইসিডির সদস্য রাষ্ট্রগুলো এ পন্থায় ভর্তুকি প্রদান অনেকটা কমিয়ে আনলেও ওই আট দেশ তা বাড়িয়েছে কিংবা আগের সমানই রেখেছে।
এদিকে ধনী রাষ্ট্রগুলো কৃষিখাতে মোট ব্যয়ের ৩০ শতাংশ ভর্তুকি দেয়। যা ওই আটটি দেশের তুলনায় বেশি। প্রতিবেদনে দেখা যায়, ২০০৩ থেকে ২০০৫ সালের মধ্যবর্তী সময়ে ব্রাজিলে কৃষি ভর্তুকির পরিমাণ মাত্র ৫ শতাংশ, চীন ও দক্ষিণ আফ্রিকায় ৮ শতাংশ এবং রাশিয়ায় ১৭ শতাংশ। আর ভারতের সঠিক উপাত্ত পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, তাও অনেক কম।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই দেশগুলো অনুৎপাদনশীল খাতে ব্যয় বাড়িয়েছে। নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এই সব প্রকল্পের মধ্যে রয়েছে গরিব কৃষকদের আয় বৃদ্ধি, প্রত্যন্ত এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থা।
কৃষি ভর্তুকির কিয়দংশ গবেষণা, বিপণন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যয় করার পরামর্শও দিয়েছে ওইসিডি ।
