চার দেশ সফর শেষে মেক্সিকোয় বুশ
প্রতিবেশী দেশ মেক্সিকো সফরের মাধ্যমে সপ্তাহব্যাপী লাতিন আমেরিকা সফর বুধবার শেষ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ। পুরো সফরকালে প্রতিবাদ, আর বিক্ষোভ সার্বক্ষণিক সঙ্গী হয়েই ছিল তার। এর ওপর জুড়ে বসেছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। তারপরও প্রতিবেশী দেশগুলো নিয়ে উদাসিনতার দীর্ঘদিনের অভিযোগ, অনুযোগ ঘুচানোর লক্ষ্যে লাতিন আমেরিকা সফর করলেন তিনি।
বুধবার মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরনের সঙ্গে বৈঠক করার কথা বুশের। ওই বৈঠকে মেক্সিকো সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাপারে আপত্তি তোলার কথা ক্যালডেরনের। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধির বিপরীতে মেক্সিকোর শ্রমসম্পদের আধিক্যের দিকটি চিহ্নিত করে তিনি মঙ্গলবার এক ভাষণে বলেন, “অভিবাসন, অনুপ্রবেশ রোধ কখনই গ্রহণযোগ্য হতে পারে না।”
বুশের সফরের প্রাক্কালে উরুগুয়ে, ব্রাজিল, কলম্বিয়া ও গুয়াতেমালার মতো মেক্সিকো সিটিতেও বিক্ষোভ হয়। শত শত প্রতিবাদী মানুষ ‘হত্যাকারী বুশ, আমরা তোমাকে প্রতিবেশী হিসেবে চাই না’ বাণী সম্বলিত ফেস্টুন নিয়ে বুশের আগমনের প্রতিবাদ করেন। তারা সেখানে মার্কিন দূতাবাসেও ইট পাটকেল নিক্ষেপ করা হয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় আটক করা হয় তিনজনকে। আহতও হন অনেকে।
এই দফায় মোট পাঁচটি দেশে গেলেন প্রেসিডেন্ট বুশ। সফর শুরু হয় ব্রাজিল দিয়ে। এরপর একে একে যান উরুগুয়ে, কলম্বিয়া ও গুয়াতেমালা। আর সফর শেষ হচ্ছে মেক্সিকো দিয়ে।
সফরকালে গুয়াতেমালা ও কলম্বিয়া যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া সংশোধনের জন্য চাপ দিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। যুক্তরাষ্ট্রে বসবাসরত এক কোটি ২০ লাখ অবৈধ অভিবাসীকে আইনসঙ্গতভাবে কাজ করার অধিকার দেওয়ার উপায় খুঁজে বের করার চাপও দেয় তারা।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রতি প্রতিবেশী দেশগুলোর মানুষদের হতাশার গভীরতা স্পষ্ট হয়েছে বুশের যাত্রাপথে গণবিক্ষোভে।
তবে নিজের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষণীয় প্রয়াসও প্রেসিডেন্ট বুশ চালান এ সফরে। গুয়াতেমালার কৃষকদের সঙ্গে মিশেছেন, ব্রাজিলের কিশোর - কিশোরীদের সঙ্গে নেচেছেন সাও পাওলোতে, কলম্বিয়ায় ঘুরে দেখেছেন মায়া সভ্যতার ধ্বংসাবশেষ, যা এর আগে তার বিদেশ সফরগুলোতে দেখা যায়নি।
