মঙ্গলের দক্ষিণ মেরুতে বিশাল বরফখণ্ডের সন্ধান লাভ
বিশাল বরফখণ্ডের সন্ধান মিলেছে মঙ্গল গ্রহের দক্ষিণ মেরুতে। বিজ্ঞানীরা বলছেন, অল্পস্বল্প নয়, বরফের চাদর যে বিশাল এলাকা মুড়ে রেখেছে তা যদি পানি হত তবে গভীরতা হত ৩৬ ফুট।
মঙ্গলে পানি আছে, এমন তথ্য মানুষ বেশ কিছুদিন থেকেই বিশ্বাস করতে থাকে। তেমন ইঙ্গিতও মিলেছে এর আগে। কিন্তু সর্বপ্রাম্প্রতিক আবিষ্কার সে বিশ্বাসের ভিত্তি আরও দৃঢ় করেছে বলে বৃহস্পতিবার বিজ্ঞানীরা জানান। মঙ্গল প্রদক্ষিণরত একটি নভোযানের পাঠানো তথ্যের ভিত্তিতেই বিজ্ঞানীরা এখন এত উচ্চকণ্ঠ।
নাসা ও ইতালির যৌথ উদ্যোগে আধুনিকায়িত রাডার সিস্টেমের মাধ্যমে ধরা পড়ে মঙ্গলের বরফখণ্ডের সন্ধান। ২০০৫ থেকে এ বছর পর্যন্ত চালানো হয় এ পর্যবেক্ষণ। তথ্য বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলের দক্ষিণ মেরুর বিশাল এলাকা জুড়ে কার্বন ডাই অক্সাইড, ধূলিকণা ও পানির সমন্বয়ে গঠিত স্তর রয়েছে। এই এলাকা যুক্তরাষ্ট্রের টেক্সাসের চেয়েও বড়, এমন ধারণা বিজ্ঞানীদের। তারা বলছেন, ওই স্তরের ৯০ শতাংশই বরফ।
আর বরফের স্তর এ ধারণাকেই যুক্তিযুক্ত করছে যে লাল এই গ্রহটি এক সময় বেশ আর্দ্রই ছিল, যদিও বর্তমান ধূলিময় শুষ্ক আবহাওয়ার সঙ্গে এর একেবারেই মিল নেই।
মঙ্গলে পানির সন্ধান বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ এ জন্য যে পানির উপস্থিতি প্রাণের অস্তিত্বের ঠিকানাও জানিয়ে দেবে। আর সেটাই মূল আগ্রহের বিষয়।
নাসার বিজ্ঞানী জেফরি প্লাট জানিয়েছেন, দক্ষিণের মতো মঙ্গলের উত্তর মেরুতেও বরফের স্তর রয়েছে কিনা, তা জানতে গবেষণা চালানো হবে। তিনিসহ সংশ্লিষ্ট গবেষকরা ধারণা করছেন, এরকম স্তর উত্তরেও রয়েছে।
জেফরি প্লাট বলেন, “পানির সন্ধান যদি পাওয়া যায়, তাহলে সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাও প্রবল হয়ে উঠবে। কারণ প্রাণের উৎপত্তি ও বিকাশের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে পানি।”
বরফের স্তরের নিচে পানির হালকা একটি স্তরের সন্ধানের ব্যাপারেও আশাবাদী হয়ে উঠতে চাইছেন গবেষকরা। তারা আরও মনে করছেন, মেরুতে বরফায়িত পানিই সব নয়, তরল পানিও থাকতে পারে গ্রহটিতে।
