রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার কাজে অংশ নিচ্ছেন কাস্ত্রো
কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো এখন অনেকটাই সেরে উঠেছেন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার কাজে অংশগ্রহণ করছেন। দেশটির পার্লামেন্টের প্রধান বৃহস্পতিবার একথা জানান।
ন্যাশনাল এসেম্বলি প্রেসিডেন্ট রিকার্ডো অ্যালারকন বলেন, “কাস্ত্রো বেশ সেরে উঠেছেন। তিনি তার ভূমিকা রেখে চলেছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কাজে অংশগ্রহণ করছেন।”
তবে শারীরিকভাবে আরও সেরে ওঠার জন্য একটু ভিন্নভাবেই নিজের দায়িত্ব বুঝে নিচ্ছেন কাস্ত্রো। ৮০ বছর বয়সী এ বিপ্লবী আবার কবে জনজীবনে ফিরে আসবেন তা এখনো অনিশ্চিত বলেও জানান অ্যালারকন।
এদিকে স্পেনের এল পেইস পত্রিকা বৃহস্পতিবার জানায়, গত সোমবার তার দীর্ঘদিনের বন্ধু লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সঙ্গে অনেকটা পথ হেঁটে বেড়িয়েছেন কিউবান নেতা ফিদেল। এসময় চিরাচরিত স্বভাবে গড়গড় করে কথা বলতে থাকেন ফিদেল। তিনি অত্যন্ত উচ্ছ্বল ছিলেন বলেও জানায় পত্রিকাটি।
এল পেইস নোবেল বিজয়ী লেখক মার্কেজকে উদ্ধৃত করে জানায়, “ বিশ্বাস করুন, আমার মনে হয় প্রায় এক কিলোমিটার পথ হেঁটেছি আমরা।” একথা জানায়।
এদিকে ফিদেলের ভাই প্রতিরক্ষামন্ত্রী রাউল কাস্ত্রো আর কতোদিন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে অ্যালারকন জানান, যতোদিন প্রয়োজন ততোদিনই দায়িত্বে থাকবেন রাউল।
