ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব বৃহস্পতিবার আসতে পারে নিরাপত্তা পরিষদে
ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা প্রস্তাব বৃহস্পতিবারই নিরাপত্তা পরিষদে তোলার ব্যাপারে আশাবাদী কূটনীতিবিদরা। এর খসড়া নিয়ে তাদের মধ্যে মোটামুটি সমঝোতা হয়েছে। এখন সরকারের উচ্চ পর্যায়ের ইঙ্গিত পেলেই তা চূড়ান্ত করা হবে।
নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবে ইরানের অস্ত্র কেনা বেচা, পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ব্যাংক একাউন্ট জব্দ এবং দেশটিকে নতুন করে ঋণ না দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো বাধা ছাড়াই জাতিসংঘে ভোটাভুটিতে এটি পাশ হবে। ফলে আগামী সপ্তাহেই এটা কার্যকর হবে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আলেকজান্ডার উলফ বুধবার সাংবাদিকদের বলেন, “প্রতিনিধিদের বৈঠকে সামান্য সংশোধনসহ মতৈক্য হয়েছে। তবে এ বিষয়ে রাষ্ট্রীয় সম্মতির প্রয়োজন।”
খসড়া ঘোষণাপত্রটির প্রস্তাবক যুক্তরাজ্যের রাষ্ট্রদুত এমিয়ের জোন্স পেরি সাংবাদিকদের বলেন, “ঘোষণাপত্রটির পরিমার্জনা শেষে গৃহীত নির্দেশনাগুলো বিবেচনার জন্য আজকের মধ্যেই পাঠানো হবে রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের কাছে. আমাদের আশা তারা শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বৃহস্পতিবারের মধ্যেই সম্মতি জানাবেন, যাতে ওই দিনই তা নিরাপত্তা পরিষদে তোলা যায়।”
রাশিয়ার রাষ্ট্রদুত ভিতালি চুরখিন জানিয়েছেন, খসড়া প্রস্তাবনার সব বিষয়ে তাদের সম্মতি রয়েছে। তবে প্রস্তাবনাটি চীনের রাষ্ট্রদূত ওয়াং গুয়াংগা খুব বেশি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারেননি। তিনি বলেন, “ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট যে সব ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে, সে তালিকা নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট নই, তবে একটা সম্পূর্ণ প্রস্তাবের জন্য কিছু ছাড় তো দিতেই হয়।”
তিনি আরও বলেন, “গোয়েন্দাদের পাঠানো তালিকা ত্র“টিপূর্ণ হতে পারে, তাই আমাদের নিষেধাজ্ঞা আরোপে ও ব্যাংক একাউন্ট জব্দের ব্যপারে সাবধানতা অবলম্বন করতে হবে।”
ইরানের পরমাণূ কর্মসূচি নিয়ে উদ্বেগ থেকে গত গত ডিসেম্বরে দেশটির ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরমাণু কর্মসূচি বন্ধে তখন ইরানকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে ইরান সাড়া না দেওয়ায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপের এই তোড়জোড়।
