জাতিসংঘ নিষেধাজ্ঞা ‘বাতিল কাগজ’: আহমাদিনেজাদ
জাতিসংঘ নিষেধাজ্ঞা বাতিল কাগজের চেয়ে বেশি কিছু নয়। আর এ ধরনের কোনো নিষেধাজ্ঞা দিয়েই পরমাণু কর্মসূচির পথ থেকে সরানো যাবে না ইরানকে। প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে ইরানের আধা সরকারি একটি বার্তা সংস্থা বৃহস্পতিবার এ খবর জানায়।
বার্তা সংস্থা মেহর জানায়, পশ্চিমাদের চাপ সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর ইরান। তেহরানে এক সভায় আহমাদিনেজাদ বলেছেন, “জাতিসংঘ যদি আবারও নিষেধাজ্ঞা আরোপ করে, তাও ইরানের পরমাণু কর্মসূচিতে কোনো প্রভাব ফেলতে পারবে না। পশ্চিমের সব দেশ এক হয়েও ইরানকে তার ইচ্ছার বাস্তবায়নের পথ থেকে হটাতে পারবে না। তারপরও যদি তারা এ কাজ করতে চায়, তাহলে তাদের জন্য হিতে বিপরীত হবে।”
ইরানি প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “তোমরা এর আগেও আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছ, কিন্তু আমরা তারমধ্যেও পরমাণু প্রযুক্তির উদ্ভাবন ঘটিয়েছি। এখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেখ আমরা কী করি।”
আহমাদিনেজাদ বলেন, “পশ্চিমা বিশ্বের ধারণা করছে, চাপে রাখতে পারলে ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করবে। তবে এটা সম্পূর্ণ ভুল।”
ইরানের মুখ্য পরমাণু আলোচক আলি লারিজানিও বুধবার সতর্ক করে দিয়ে বলেন, “আমাদের পরমাণু কর্মসূচির ওপর যদি কোনো আঘাত আসে, তবে সামরিক কায়দায় তার জবাব দিতেও আমরা পেছপা হব না।”
প্রসঙ্গত, প্রথম দফা নিষেধাজ্ঞায় ইরান নতি স্বীকার না করায় এখন ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিশ্বশক্তিগুলো। কয়েকদিনের মধ্যেই নিষেধাজ্ঞার খসড়া নিরাপত্তা পরিষদে তোলার ব্যাপারে আশাবাদী কূটনীতিবিদরা।
