২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন অ্যাটর্নি জেনারেলকে অপসারণের দাবি এখন রিপাবলিকানদেরও

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের অপসারণে ডেমোক্রেটদের দাবির সঙ্গে এখন যোগ দিয়েছেন রিপাবলিকান সিনেটররাও।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Mar 2007, 03:57 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

অ্যাটর্নি জেনারেল আলবার্তো গনজালেসকে অপসারণের জন্য রিপাবলিকান সিনেটর জন সুনুনু বুধবার প্রেসিডেন্ট জর্জ বুশের কাছে আহ্বান জানান।

আট সরকারি আইনজীবীকে বরখাস্তের ঘটনায় বেশ চাপে রয়েছেন গনজালেস। অদক্ষতা ও সরকারি নীতির বিরুদ্ধাচরণের কারণে গত বছর বিচার বিভাগ তাদের বরখাস্ত করে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক কারণেই ওই আইনজীবীদের বরখাস্ত করা হয়।

ওই ঘটনা সামাল দিতে আলবার্তো গনজালেসের তৎপরতায় অসন্তোষ প্রকাশ করে জন সুনুনু বলেন, “অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করে প্রেসিডেন্টের উচিত হবে যোগ্য কাউকে ওই পদে নিয়োগ দেওয়া।”

এদিকে মেক্সিকোয় সংবাদ সম্মেলনে বুশকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “অ্যাটর্নি জেনারেলের ওপর এখনও আমি আস্থা রাখি। তবে উদ্ভূত নিরসনে তার শিগগিরই ক্যাপিটল হিলে গিয়ে এর ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।”

বুশ এটাও স্বীকার করেন, ওই বিষয়টি যথাযথভাবে সামাল দেওয়া হয়নি। তবে তিনি মনে করেন, আইনজীবীদের বরখাস্তের সিদ্ধান্ত সঠিক।

আইনজীবী বরখাস্তের ঘটনায় ডেমোক্রেটরা অ্যাটর্নি জেনারেলের অপসারণ দাবি করেন। এ নিয়ে কংগ্রেসের একটি তদন্ত কমিটিও কাজ করছে।

আলবার্তো গনজালেস জানিয়েছেন, তিনি পদত্যাগের কথা ভাবছেন না। আর তদন্তের জন্য কংগ্রেসের কমিটি যেন প্রয়োজনীয় সব নথিপত্র পায়, তা নিশ্চিত করবেন তিনি।

বুধবার ফক্স নিউজকে তিনি বলেন, “আমি প্রেসিডেন্টের সম্মতিতে দায়িত্ব পালন করেছি। আর অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টেরই।”