বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ৪
বাগদাদের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইস্কান্দারিয়া শহরে বৃহস্পতিবার গাড়ি বোমা হামলায় চারজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।
রাষ্ট্রীয় শিল্প কারখানার কর্মচারীদের বহনকারী বাসটি সুন্নি আরব ও শিয়া অধ্যুষিত শহরটির মধ্যে দিয়ে যাবার সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এ শহরে দুদিন আগে একই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বন্দুকধারীরা হত্যা করে।
রাজধানীর নিরাপত্তার কাজে গত এক মাস ধরে মার্কিন ও ইরাকি সেনারা নিয়োজিত থাকলেও মার্কিন কমান্ডাররা সতর্ক করে বলেছেন, কিছু কিছু বিদ্রোহী নতুন করে দল গঠন করে বাগদাদের আশেপাশের শহরগুলোতে হামলার পরিকল্পনা করছে।
এদিকে মেজর জেনারেল উইলিয়াম কাল্ডওয়েল বুধবার বলেন, আগের মাসগুলোর তুলনায় সাম্প্রতিক সময়ে রাজধানী বাগদাদে হত্যাকাণ্ডের ঘটনা প্রায় অর্ধেকে নেমে এসেছে। তিনি আরও বলেন, মার্কিন সেনারা গাড়ি বোমা কারখানা খুঁজে বের করারও চেষ্টা চালাচ্ছে।
