যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহায়তা আরও জোরদার করতে চায় জাপান
যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহায়তা আরও জোরদার করতে আগ্রহী জাপান। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে রোববার এ আগ্রহের কথা প্রকাশ করেন।
জাপানের ন্যাশনাল ডিফেন্স একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিনজো আবে বলেন, “অভ্যন্তরীণ নিরাপত্তা, স্বাস্থ্য, সম্পদ এবং সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষামূলক সম্পর্ক জোরদার করা জরুরি।”
আঞ্চলিক বৈরিতা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে জাপান। চলতি বছরের জানুয়ারিতে দেশটি তাদের প্রতিরক্ষা সংস্থাকে পূর্ণ মন্ত্রণালয়ে পরিণত করে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষর করে জাপান।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিই তাদের এ পথে আসতে বাধ্য করেছে বলে ইঙ্গিত দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শিনজো আবে।
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কূটনৈতিক এবং সামরিক কৌশল সংক্রান্ত বিষয়ে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত দেন আবে।
এপ্রিলের শেষ দিকে তার যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গেও সাক্ষাত করবেন তিনি।
