অপহৃত ইতালীয় সাংবাদিককে ছেড়ে দিয়েছে তালেবানরা
আফগানিস্তানে অপহৃত ইতালীয় সাংবাদিককে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে তালেবান যোদ্ধারা। রোববার তাকে মুক্তি দেওয়া হয় বলে জানান তালেবান মুখপাত্র।
আফগান সরকার দুই তালেবান যোদ্ধাকে মুক্তি দেওয়ার পরই ‘লা রিপাবলিকা’ পত্রিকার সাংবাদিক ড্যানিয়েল মাস্ত্রোগিয়াকোমো এবং তার আফগান দোভাষীকে মুক্তি দেয় তালেবানরা।
তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ গোপন আস্তানা থেকে স্যাটেলাইট ফোনে রয়টার্সকে বলেন, “আমরা যে তিন সহযোগীর মুক্তি দাবি করেছিলাম তাদের দুজনকে ফিরে পাওয়ার তৃতীয় একটি দলের হাতে আমরা সাংবাদিককে হস্তান্তর করি।”
গুপ্তচরবৃত্তির অভিযোগে সাংবাদিক মাস্ত্রোগিয়াকোমোকে গত সপ্তাহে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশ থেকে অপহরণ করে তালেবান বাহিনী।
তবে সে অভিযোগ অস্বীকার করে ‘লা রিপাবলিকা’ জানিয়েছে, ১৯৮০ সাল থেকে তিনি ওই অঞ্চলে কাজ করছেন।
এর আগে শনিবার গভীর রাতে হেলমান্দ প্রদেশের এক কর্মকর্তা দুই তালেবান যোদ্ধাকে ছেড়ে দেওয়ার খবর জানান। এরা হলেন লাতিফ হাকিমি এবং উস্তাদ ইয়াসার। ২০০৫ সালে তাদের পাকিস্তানে গ্রেফতার করা হয় এবং পরে কাবুলে নিয়ে আসা হয়।
